
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার শিকার ধর্মীয় সংখ্যালঘুদের গ্রামগুলো পরিদর্শন করেছে নাগরিক সংগঠন রুখে দাঁড়াও বাংলাদেশ-এর একটি প্রতিনিধিদল।
গতকাল শনিবার সকালে সংগঠনের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধিদল দিনাজপুরের কর্ণাই গ্রামের তেলীপাড়া, সাহাপাড়া, প্রীতমপাড়া ও অজয়পাড়া পরিদর্শন করে। পাড়াগুলো পরিদর্শন শেষে অধ্যাপক আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, কর্ণাই গ্রামের মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে। নির্বাচনের দিন কী ধরনের ভয়াবহতা তাদের ওপর নেমে এসেছিল, তা গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে। তিনি বলেন, এখন গ্রামের মানুষের নিরাপত্তায় সাময়িক সময়ের জন্য পুলিশ ক্যাম্প আছে। ক্যাম্প উঠে গেলে পরিস্থিতি কী হবে, তা অনিশ্চিত।
সংগঠনের সমন্বয়ক সুলতানা কামাল বলেন, যুদ্ধাপরাধের বিচার চলছে। কয়েকজনের বিচার সম্পন্ন হয়েছে। তিনি গ্রামবাসীর সঙ্গে তাঁর আলাপের সূত্র ধরে বলেন, হামলাকারীরা এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকদের হুমকি দিয়ে বলেছে, ‘আর একজনের ফাঁসি দেওয়া হলে অবস্থা আরও ভয়াবহ হবে।’
নির্যাতিত ব্যক্তিদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন এই এলাকাগুলো পরিদর্শনের সময়। তেলীপাড়ার এক বৃদ্ধা হাত জোর করে অধ্যাপক আনিসুজ্জামানের কাছে জানতে চান, ‘স্যার, আমরা কি থাকিবা পারিমো?’ পরিদর্শনকারীরা গ্রামবাসীকে সান্ত্বনা দেন।
পরিদর্শক দলে আরও ছিলেন সাংবাদিক আবেদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন, সাংসদ ইকবালুর রহিম।
দিনাজপুর থেকে পরিদর্শক দলটি ঠাকুরগাঁও যায়। প্রতিনিধিরা সদর উপজেলার গড়েয়া গোপালপুর, আকচার নিমবাড়ি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। স্থানীয় ক্ষতিগ্রস্তদের একজন বলেন, ‘দেশে ভোট এলেই আমাদের ভয় দেখাবে, মারধর করবে, এটা কেমন কথা। আমরা এ দেশে কি নিশ্চিন্তে থাকতে পারব না?’ নির্যাতিত ব্যক্তিদের সাহস দিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আপনারা এ দেশের সন্তান। এ দেশ ছেড়ে যাওয়ার কথা কখনো ভাববেন না।’
সুলতানা কামাল বলেন, ‘বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, তা মানবতাবিরোধী অপরাধ। সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব থেকেই আমরা ছুটে এসেছি।’
এ সময় দিনাজপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক সৈয়দ মেরাজুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।