দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) আশঙ্কা প্রকাশ করে বলেছে, দেশে বিরাজমান সংঘাতময় রাজনৈতিক অবস্থা অব্যাহত থাকলে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। এমনকি দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে পারে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন এ আশঙ্কা প্রকাশ করে। সংবাদ সম্মেলনে ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি প্রত্যাহারের জন্য হেফাজতে ইসলামের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত সংলাপ অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সুজনের উদ্বেগ জাতির সামনে তুলে ধরতে এবং রাজনৈতিক নেতৃত্বকে তাঁদের করণীয় স্মরণ করিয়ে দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।হেফাজতের লংমার্চ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, লংমার্চকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতা হতে পারে। তাই বিদ্যমান পরিস্থিতিতে সরকার হেফাজতে ইসলামের পাশাপাশি বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে সমঝোতার উদ্যোগ নিলে সংঘাত এড়ানো সম্ভব।লিখিত বক্তব্যে আরও বলা হয়, দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডব এবং পুলিশের ওপর তাদের সহিংস আচরণ গ্রহণযোগ্য নয়। মানবতাবিরোধী অপরাধের বিচার ভন্ডুল করতে তারা এসব করছে। কিন্তু জাতিকে কলঙ্কমুক্ত করতে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিকল্প নেই। তবে সরকার এখন পর্যন্ত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোনো সফলতা দেখাতে পারেনি। মানুষের জানমালের নিরাপত্তা তো দূরের কথা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না। উপরন্তু পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার-বাণিজ্য এবং অকারণে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে, যা নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠনের এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে সুজন বলেছে, সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই অগ্নিসংযোগের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করা হলেও কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। সুজন মনে করে, রামুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হলে সাম্প্রতিক ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীরা কিছুটা নিরুৎসাহিত হতো।মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধে জামায়াতের ‘এজেন্ডা’ বাস্তবায়নে বিএনপি সহযোগিতা করছে উল্লেখ করে সুজন বলেছে, বিএনপির জামায়াতীকরণ দেশের জন্য চরম অমঙ্গল বয়ে আনবে। এরই মধ্যে উগ্র মৌলবাদ জাতির ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। তাই এই অপশক্তিকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ-বিএনপিসহ সব প্রগতিশীল শক্তির যৌথ প্রচেষ্টার প্রয়োজন হবে।সংবাদ সম্মেলনে সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান বলেন, জোর করে, ভয়ভীতি দেখিয়ে হরতাল করা কোনো গণতান্ত্রিক পন্থা নয়। ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করাও উচিত নয়। এতে গণতান্ত্রিক চর্চা নাজুক হয়ে যায়।চলমান ঘটনা সম্পর্কে সরকারের পূর্ণাঙ্গ বিবৃতির দাবি জানিয়ে প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতির ধারাবাহিকতায় আজকের অবস্থার সৃষ্টি হয়েছে।কলাম লেখক মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, সংকট উত্তরণের জন্য সরকারকে দ্রুত সংলাপের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কোনো দল পূর্বশর্ত আরোপ করতে পারবে না।গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করায় আজকের অবস্থার সৃষ্টি হয়েছে। তত্ত্বাবধায়কব্যবস্থা ফিরিয়ে আনা হলে পরিস্থিতি অনেক শান্ত হবে।আইনজীবী শাহদীন মালিক বলেন, রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু ও অরাজনৈতিক আচরণ দেশকে ব্যর্থ রাষ্ট্রের কাছাকাছি নিয়ে গেছে; যে কারণে আগামী নির্বাচন যথাসময়ে হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান বলেন, ‘হেফাজতে ইসলামের লংমার্চ ও এর পাল্টা হরতাল কর্মসূচি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারণ, হানাহানি প্রতিরোধের ব্যাপারে সরকারকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে না।’