দেশ দারিদ্র্যমুক্ত করতে চাইলে নারী-পুরুষের বৈষম্য কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার পাওয়া উচিত নোবেল পুরস্কার—ড. মুহাম্মদ ইউনূস না ফজলে হাসান আবেদের? তবে এই দুই বিশিষ্টজন একে অপরকে এ পুরস্কারের জন্য যোগ্য বলে মনে করেন। গতকাল শনিবার এক অনুষ্ঠানে তাঁরা এ কথা বলেছেন। তাঁদের এ বক্তব্য দর্শক-শ্রোতারা বেশ উপভোগ করেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের নাইট উপাধি পাওয়া উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁরা বক্তব্য রাখেন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিসোর্স ইমপ্রুভমেন্ট (নারী) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ফজলে হাসান আবেদ চাকরি ছেড়ে সৃজনশীল কাজে সম্পৃক্ত হয়ে এ দেশের অনেক মঙ্গল করেছেন। এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে আবেদ কাজ করেননি।ফজলে হাসান আবেদ বলেন, দেশে নারী-পুরুষের বৈষম্য যত দিন পুরোপুরি দূর না হবে, তত দিন দেশ দারিদ্র্যমুক্ত হবে না। সংগঠনের সভানেত্রী হাসনা মওদুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের কোষাধ্যক্ষ বিশিষ্ট নারী-উদ্যোক্তা নাসরীন আউয়াল ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান উপলক্ষে গুলশান ক্লাবে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হস্তশিল্প মেলার আয়োজন করে নারী। এতে বেশ কয়েকটি জেলার হস্তশিল্পীরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে ছিল বিবি রাসেলের ফ্যাশন প্রদর্শনী। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চারজনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।