দেশ দুই নেত্রীর দিকে তাকিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারেন। তবে সংকট নিরসনে দুই নেত্রীকেই উদ্যোগ নিতে হবে। দেশবাসী দুই নেত্রীর দিকেই তাকিয়ে আছে। গতকাল শনিবার বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল আলোচক ও উপস্থিত দর্শকেরা এই মত দেন।
বিবিসি সংলাপের ৪৬তম পর্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ, বেসরকারি সংস্থা উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার এবং ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন।
বিএনপির পাঁচজন নেতাকে গ্রেপ্তারের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। বিরোধী দলের ব্যাপারে সরকারের কঠোর অবস্থান বিএনপিকে নির্বাচন থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে ফারুক খান বলেন, গ্রেপ্তারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটি আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপার।
হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, ‘বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে হবে। সে উদ্দেশ্যেই নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।’
ফরিদা আখতার বলেন, নেতাদের গ্রেপ্তারের বিষয়টি শুধু বিএনপিকে নয়, ভোটারদেরও দূরে ঠেলে দিয়েছে।
নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমি ভাবছিলাম, রানা প্লাজার পিলার ধরে নাড়াচাড়ার অভিযোগে এই নেতাদের গ্রেপ্তার দেখানো হবে।’ প্রধানমন্ত্রীর আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, কারও আত্মসম্মান থাকলে এ ধরনের আমন্ত্রণে সাড়া দেওয়া সম্ভব না।
আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন ১৭৩ দিন হরতাল দেওয়ার কারণ দর্শকেরা জানতে চাইলে ফারুক খান বলেন, আওয়ামী লীগ জনগণের উপকারের জন্য, গ্যাস রক্ষার জন্য হরতাল দিয়েছিল। তিনি বিএনপির উদ্দেশে বলেন, এখনো আলোচনার দরজা খোলা আছে। হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, বিরোধীদলীয় নেতার বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। যেকোনো সময় তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে। এ ধরনের পরিবেশ সংলাপের সহায়ক নয়।
বিডিআর (বর্তমানে বিজিবি) মামলায় ১৫২ জনের ফাঁসির আদেশে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে ফারুক খান বলেন, এতে আইনের শাসন নিশ্চিত হয়েছে। তবে অন্য প্যানেল আলোচকেরা বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ বিচারে তাড়াহুড়ো করা হয়েছে।