ছিটমহলের বাসিন্দারা কে কোন দেশের নাগরিক হবেন, তা তাঁদের ইচ্ছার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। যাঁরা ভারতীয় ভূখণ্ডে অবস্থিত বাংলাদেশি ছিটমহলে এত দিন ছিলেন, তাঁরা ইচ্ছে করলেই বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে এ দেশে আসতে পারবেন। আবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের অধিবাসীরা ইচ্ছে করলেই ভারতীয় নাগরিকত্ব নিয়ে সে দেশে চলে যেতে পারবেন।
পঞ্চগড়ে অবস্থিত ছিটমহলগুলোর জনগণনা কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে গতকাল রোববার এসব কথা বলেন ভারতের উপহাইকমিশনার সন্দীপ মিত্র। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি কোটভার্জিনী, শালবাড়ি, গারাতিসহ ১২টি ছিটমহল পরিদর্শন করেন। ১৬ জুলাই জনগণনা কার্যক্রম শেষ হচ্ছে।
সন্দীপ মিত্র সাংবাদিকদের বলেন, ছিটমহলবাসীদের মধ্যে যাঁরা ভারতে যেতে এবং বাংলাদেশে আসতে ফরম পূরণ করেছেন, তাঁদের ১ আগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে কাগজপত্র তৈরি করাসহ সব কাজ শেষ করতে হবে। তাঁদের যাতায়াতের জন্য ৩০ নভেম্বরের মধ্যে ট্রাভেল পাস দেওয়া হবে। তিনি বলেন, ট্রাভেল পাসের পর তাঁদের যাওয়া ও আসার প্রক্রিয়া আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
সন্দীপ মিত্র বলেন, ৩১ জুলাই পর্যন্ত ছিটমহলের বাসিন্দাদের জমি বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ১ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত স্থানীয় ডিসি/ডিএমের অনুমতি নিয়ে জমি বিক্রি করা যাবে।
জনগণনা নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা ও নির্বাহী হাকিম শাহীন রেজা বলেন, এ পর্যন্ত ৪০৫ জন নাগরিক ভারতে যেতে আবেদন করেছেন।