দেশ নিয়ে উৎকণ্ঠায় মানুষ পুলিশ ব্যস্ত চোরাচালানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-হিলি সড়ক দিয়ে টাকা নিয়ে চোরাচালানে পুলিশ সহায়তা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আগে চোরাকারবারিরা সুযোগ বুঝে এই সড়ক দিয়ে ভারতীয় মালামাল আনত। এখন হরতাল, অবরোধের মধ্যেও পুলিশের ছত্রচ্ছায়ায় ভটভটি, অটোরিকশা, বাইসাইকেল, রিকশাভ্যানে করে প্রকাশ্যে মালামাল আনা হচ্ছে। এ জন্য চোরাকারবারিরা পুলিশকে ছয় লাখ টাকা মাসোহারা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকার রাজনীতিক, স্থানীয় লোকজন ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলামের মাধ্যমে এই টাকা ভাগ-বাঁটোয়ারা হচ্ছে। ভাগ পাচ্ছেন কনস্টেবল থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি। অভিযোগ আছে, তদবির করে ময়নুল ওই থানায় যোগদান করেছেন। তিনি গত ২০ অক্টোবর এ থানায় যোগদানের পর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় মালামাল উদ্ধারে কোনো রেকর্ড নেই।
গোবিন্দগঞ্জ-হিলি সড়কে চোরাচালান কার্যক্রম পরিচালনা করেন গোবিন্দগঞ্জ পৌর এলাকার মাহতাব হাজি ও আশরাফুল ইসলাম। মাহতাব ও আশরাফুলের অধীনে ১৪ জন কর্মচারী রয়েছেন। তাঁরা ওই সড়কের বিভিন্ন স্থানে চোরাকারবারিদের কাছ থেকে বখরা আদায় করেন।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা জানান, চোরাকারবারিরা সারা বছরই এ সড়কে চোরাচালান করে সতর্কভাবে। কিন্তু গত দেড় মাস রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পুলিশ টাকার বিনিময়ে চোরাকারবারিদের মালামাল আনার ব্যবস্থা করে দিচ্ছে।
৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই সড়কে অবস্থান করে অনেক যানবাহনে অবৈধ মালামাল আনতে দেখা গেছে। এর মধ্যে ভটভটি, অটোরিকশা, বাইসাইকেল, রিকশাভ্যানই বেশি। বেলা দুইটায় কাটা এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভটভটিচালকের সঙ্গে কথা হয়।
—‘ভাই আপনার ভটভটিতে কী?’
—‘না, কিছু না।’
—‘তাহলে একটু দেখি।’ খানিকটা ইতস্তত করে চালক বলেন, ‘দেখেন, এগুলো ভারতীয় কাপড়, মসলা। এগুলো হিলি থেকে গোবিন্দগঞ্জে নিয়ে যাচ্ছি।’
—‘অবরোধের মধ্যে সমস্যা হয় না?’
—‘সমস্যা হলেও ঝুঁকি নিয়ে করছি।’
—‘পুলিশ ধরে না?’
—‘ধরবে কেন? টোকেন আছে না!’
বেলা তিনটার দিকে হিলি থেকে মালামাল নিয়ে আসছিলেন গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ এলাকার ভ্যানচালক মইনুল মিয়া। তাঁকে জিজ্ঞেস করা হলো, ‘ভাই ভ্যানে কী?’ জবাবে তিনি বলেন, ‘ইন্ডিয়ান টুপি, মাফলার, সোয়েটার।’
—‘এসব মালামাল আনা অবৈধ জানেন না?’
—‘জানি, তবু পয়সার জন্য করছি।’
—‘কার মালামাল বহন করছেন?’ এ প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
চোরাচালানের সঙ্গে জড়িত কয়েকজন জানান, বাঘ, হরিণ, শাপলা প্রভৃতি প্রতীক-সংবলিত টোকেন ব্যবহার করে হিলি সীমান্ত থেকে ভারতীয় মালামাল গোবিন্দগঞ্জে আসছে। এসব মালামাল গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ, চাষকপাড়া, গুহাটিপাড়া, ফলিবাড়ী, আমবাড়ী, মোহনপুর, ডাঙ্গাপাড়া মিশন ও গুমানিগঞ্জ এলাকায় নামানো হয়। এখান থেকে বিভিন্ন জেলায় ওই মালামাল নিয়ে যায় চোরাকারবারিরা।
এলাকার অনেকে জানান, গোবিন্দগঞ্জে ভারতীয় মালামালে সয়লাব হয়ে গেছে। এ ছাড়া সদরের হিরক সিনেমা হল মোড়, পান্তাপাড়া মোড়, মহিমাগঞ্জ বাসস্ট্যান্ডসহ অন্তত ২০টি স্থানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল বিক্রি করেন।
গোবিন্দগঞ্জের পান্তাপাড়া এলাকার বাদশা মিয়া জানান, শহরের বিভিন্ন বিপণিবিতানে ভারতীয় কাপড় প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে।
ভারতীয় কাপড়বিক্রেতা ও একটি বিপণিবিতানের ব্যবসায়ী আবদুর রহিম জানান, কাপড়প্রতি তাঁদের ১২ টাকা বখরা দিতে হয়। যাঁরা ওই সড়কের ডাক নেন, তাঁদের এ টাকা দিতে হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান বলেন, ‘রাজনৈতিক দলের কেউ এর সঙ্গে জড়িত কি না, জানি না। তবে পুলিশ চোরাচালানে সহায়তা করে এটা সবাই জানে।’
ওসি ময়নুল মাসিক বখরা নেওয়া ও টাকা ভাগাভাগির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অবরোধের কারণে যানবাহন চলে না, ভারতীয় মালামাল আসবে কীভাবে? আমি এখানে যোগদানের আগে এই সড়ক চোরাচালানের স্বর্গরাজ্য ছিল। বর্তমানে চোরাচালান হচ্ছে না।’
গোবিন্দগঞ্জ পৌর এলাকার লাইনম্যান আশরাফুল ইসলাম বলেন, ‘আমি লাইনে কাজ করি। ওসি মাসে কত টাকা নেন, সেটা মাহতাব জানেন।’ মাহতাব হাজি বলেন, ‘আমি গত মাসে এ সড়কের দায়িত্ব ছেড়ে দিয়েছি। পুলিশ এ মাসে কাকে দায়িত্ব দিয়েছে জানি না।’