দেশ বাঁচাতে একসঙ্গে আন্দোলনে নামুন: খালেদা

‘দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে’ ঈদের পর সবাইকে একসঙ্গে আন্দোলনে নামার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকারব্যবস্থা ফিরিয়ে আনারও দাবি জানান খালেদা জিয়া। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ওই ইফতারের আয়োজন করে। নির্দলীয় সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আপনাদের দাবি পূরণ করেছিলাম। এবার আপনারা আমাদের দাবি পূরণ করুন।’ বিভক্তি নয়, ঐক্য ও পরিবর্তনের রাজনীতির ধারা চালুর ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সব দল অংশ নেবে। তাতে যে দল জিতবে তারাই দেশ পরিচালনা করবে। আওয়ামী লীগ জিতলে বিএনপি তাদের অভিনন্দন জানাবে। বিএনপির চেয়ারপারসন বলেন, সরকার জানে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের পরিণতি কী হবে। এ জন্য তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে। নির্দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে তিনি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করেন। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারের দুর্নীতি, লুটপাটের কারণে দেশে কোনো উন্নয়ন হয়নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের ধরলে অনেক খবর বেরিয়ে আসবে বলে তাদের ধরা হচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা।
‘দৈনিক আমার দেশ’, দিগন্ত ও ইসলামিক টেলিভিশন খুলে দেওয়া এবং ‘আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আর এ গনি ছাড়াও সাংবাদিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।