দেশ ও বিদেশে ১৩ কোটি আট লাখেরও বেশি মানুষ বেসরকারি সংস্থা ব্র্যাকের সেবা পাচ্ছে। এর মধ্যে বাংলাদেশেই রয়েছে ১০ কোটির বেশি মানুষ। গতকাল শনিবার রাজধানীতে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন-২০১০ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলা হয়।অনুষ্ঠানে জানানো হয়, ২০১০ সালে দেশে ব্র্যাকের কর্মসূচির পেছনে খরচ হয় প্রায় তিন হাজার কোটি টাকা। আর বিদেশে খরচ হয়েছে সাড়ে ৭০০ কোটি টাকার মতো। বাংলাদেশ ছাড়াও নয়টি দেশে ব্র্যাক কাজ করছে। কর্মসূচির ৩০ শতাংশ টাকা উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অনুদান নেয় ব্র্যাক। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদনের সারমর্ম উপস্থাপন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। তিনি বলেন, শিক্ষার মাধ্যমিক স্তরে ভর্তির ক্ষেত্রে লৈঙ্গিক সমতাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে দেশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। শতভাগ শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির যে লক্ষ্যমাত্রা ছিল, সেখানে ৯৭ ভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা গেছে। ২৯ শতাংশ নারীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা গেছে। মাহবুব হোসেন বলেন, ‘সহস্রাব্ধ উন্নয় লক্ষ্য অর্জনে ব্র্যাক সম্পূরক ভূমিকা পালন করছে। অনেকে মনে করেন, আমরা (ব্র্যাক) শুধু ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করি। আসলে এটি একটি মাত্র কর্মসূচি।’ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, ব্র্যাকের প্রধান অর্থ কর্মকর্তা শিব নারায়ণ কায়রি, উপনির্বাহী পরিচালক (আন্তর্জাতিক কর্মসূচি) ইমরান মতিন, শিক্ষা কর্মসূচির পরিচালক শফিকুল ইসলাম, যোগাযোগ শাখার পরিচালক আসিফ সালেহ প্রমুখ।