দেশে ফেরার আগে ‘দেশ বেচার’ অভিযোগের জবাব দিয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসঙ্গী শিল্পোদ্যোক্তাদের উদ্দেশে গতকাল সোমবার তিনি বলেন, ‘আপনারা বিচার করুন, দেশ বেচে ফিরলাম, না (কি) নিয়ে ফিরলাম। আপনারাই বলতে পারবেন।’
গত রোববার বিএনপির পক্ষ থেকে ‘দেশ বেচার’ সরাসরি অভিযোগ করেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ভারতীয় বণিক সভা আয়োজিত দুই দেশের শিল্পপতিদের এই সমাবেশে বিস্তর বাণিজ্যিক সম্ভাবনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যাঁরা আসার আগ্রহ দেখিয়েছেন, তাঁদের সবাইকে নিয়ে এসেছি। এখন আপনারা পার্টনার খুঁজে নিন। কোথায় কোথায় লগ্নি করা যায় দেখুন।’ তিনি বলেন, ‘ভারত আমাদের চেয়ে অনেক বড়। কিন্তু আমরাও স্বাধীন ও সার্বভৌম দেশ।’ এরপরই শেখ হাসিনা বিরোধীদের অভিযোগের জবাবে বলেন, ‘আপনারাই বিচার করুন, দেশ বেচে দিলাম নাকি না বেচে ফিরছি।’ শেখ হাসিনার উপস্থিতিতে সম্মেলনে দুই দেশের শিল্পোদ্যোক্তাদের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। চার দিনের সফরের শেষ অনুষ্ঠান ছিল এটাই।
স্থিতিশীল ও প্রগতিশীল বাংলাদেশে ভারতীয় শিল্পপতিদের অবকাঠামো, বিদ্যুৎ, শিল্প ও পরিবহন ক্ষেত্রে লগ্নি করতে আহ্বান জানান শেখ হাসিনা। সফররত বাংলাদেশি শিল্পপতিদেরও এই অনুকূল পরিস্থিতির সুযোগ নেওয়ার আহ্বান জানান। লিখিত ইংরেজি ভাষণ পাঠ থেকে বেরিয়ে পরিষ্কার বাংলায় তিনি সফররত বাণিজ্যিক দলকে বলেন, ‘আপনারা উপযুক্ত পার্টনার খুঁজে নিন। কোনো কোনো ক্ষেত্রে লগ্নি করা যায় দেখুন। অনেক সুযোগ রয়েছে।’ তিনি বলেন, প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকতেই পারে। তা কথার মধ্য দিয়ে মেটাতে হয়। ঝগড়ার মাধ্যমে নয়।
বাংলাদেশ বণিক সভার সভাপতি আবদুল মাতলুব আহমদ তাঁর ভাষণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রথম প্রায় আড়াই শ ব্যবসায়ীকে নিয়ে তিনি ভারত সফরে এলেন। এর ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে। ভারতের পেট্রোলিয়াম ও রসায়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে তিনি বলেন, বাণিজ্য প্রসারে একটা প্রধান অন্তরায় ভিসা সমস্যা। এদিকে নজর দেওয়া প্রয়োজন।
‘চুক্তিটা অচিরেই হয়ে যাবে’
তিস্তার পানিবণ্টন চুক্তিতে দেরি হবে না—এমন আশা নিয়ে ভারত ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত ছাড়ার আগে হাসিনার সফরসঙ্গী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল প্রথম আলোকে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর পূর্ণ বিশ্বাস রেখে এই ধারণা নিয়ে আমরা ভারত ছাড়ছি যে চুক্তিটা অচিরেই হয়ে যাবে।’
শেখ হাসিনার চার দিনের ভারত সফরের শেষ অনুষ্ঠান ছিল রাজধানীর পাঁচ তারকা হোটেল তাজ প্যালেসে আয়োজিত বাণিজ্য সভা, যেখানে প্রধানমন্ত্রী ‘দেশ বেচে দেওয়ার’ বিরোধী অভিযোগের জবাব তির্যক ভঙ্গিতে দেন। দুই দেশের বণিক সভা ও শিল্পপতিদের এই জমায়েতের পর তিস্তা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বিকল্প প্রস্তাব নিয়ে দুই দেশের সাংবাদিকেরাই শেখ হাসিনাকে প্রশ্ন করেন। তিনি সেই প্রশ্নের উত্তর দেননি।