দেশ যুদ্ধাপরাধীমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত জ্ঞানভিত্তিক সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও অসাম্প্র্রদায়িক বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০১২ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, একুশের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং একুশের শত্রুদের মোকাবিলা করতে সমাজের সর্বস্তরে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা প্রয়োজন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বাইরে বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশে অমর একুশের বার্তা ও সুর পৌঁছে গেছে। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্বব্যাপী বিভিন্ন জাতির ভাষার অধিকার আদায়ের দিবস হিসেবে পালিত হচ্ছে। এ বছর ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান বাংলা সাহিত্য ও শিল্পকলার উন্নয়নে অবদানের জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত সর্বোচ্চ এই বেসামরিক পদক লাভ করে।২০১২ সালের পদকপ্রাপ্তরা হলেন ভাষা আন্দোলনের জন্য এম এ ওয়াদুদ (মরণোত্তর), অধ্যাপক অজিত কুমার গুহ (মরণোত্তর), প্রিন্সিপাল এম কামরুজ্জামান (মরণোত্তর) ও তোফাজ্জল হোসেন। মুক্তিযুদ্ধে এনামুল হক মোস্তফা শহীদ, সমাজসেবায় নূরজাহান মুরশিদ (মরণোত্তর) ও স্যামসন এইচ চৌধুরী (মরণোত্তর)। ভাষা ও সাহিত্যে রফিক আজাদ ও আসাদ চৌধুরী।শিল্প-সংস্কৃতিতে কাদেরী কিবরিয়া, জামাল উদ্দিন হোসেন, বিজয় কৃষ্ণ অধিকারী (লোকসংগীতশিল্পী), বিজয় কুমার (মরণোত্তর) ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে একই মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।শেখ হাসিনা বলেন, মোবাইল ফোনের কি-প্যাডে বাংলা প্রতিস্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া বিডি (নফ)-এর পাশাপাশি বাংলাকে দ্বিতীয় ‘কান্ট্রি কোডেড টপ লেভেল ডমেইন’ হিসেবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বীর ভাষাসৈনিক সালাম, বরকত, রফিক, জব্বার এবং অন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।