দেশ রক্ষায় জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ রক্ষায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে রাজনীতিতে এ দুটি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ রুখে দাঁড়াও-এর পতাকা মিছিলে আজ রোববার বক্তারা এসব কথা বলেন। যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে এই পতাকা মিছিলটি শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।
মিছিল শুরুর আগে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গঠন করতে আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে স্বাধীনতাবিরোধীদের সব ষড়যন্ত্র ভেসে যাবে। আমরা শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি অঙ্গীকারবদ্ধ। তাঁরা যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করব। এটি আমাদের ঐতিহাসিক দায়। সরকারকে বুঝতে হবে জামায়াতকে রাজনীতিতে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়ে আনিসুজ্জামান বলেন, ‘জামায়াতের মুক্তিযুদ্ধের বিপরীত দর্শন দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। তারা একটি জঙ্গি সংগঠন হিসেবে ৭১-এ মুক্তিযুদ্ধের বিরো​িধতা করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আমরা অঙ্গীকার করছি, বাংলাদেশে যে সাম্প্রদায়িকতা দেখতে পাচ্ছি সেটাকে দূর করব। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, মানবতাবিরোধী অপরাধী এবং অপরাধীদের বিচারকাজে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের অপসারণ করব।’
শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা আনন্দিত যে সরকার মানবতাবিরোধীদের বিচারকাজ শুরু করেছে। কিন্তু জামায়াত-শিবির নিষিদ্ধ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তারা আমাদের সততা নিয়ে প্রশ্ন তুলবে।’
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি সক্রিয়। তারা নানান কায়দায় তাদের আদর্শ তরুণসমাজে ছড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে। একাত্তরের চেতনার সঙ্গে তরুণদের সম্পৃক্ত করতে হবে।’
এরপর পতাকা মিছিলটি দোয়েল চত্বর, টিএসসি ও চারুকলা ইনস্টিটিউট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। পতাকা মিছিলে অন্যদের মধ্যে ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রাশেদা কে চৌধূরী, অধ্যাপক এম এম আকাশ, সাংবাদিক আবেদ খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী ও জিয়া উদ্দিন তারিক আলী, রানা দাশগুপ্ত প্রমুখ।