দেশ রোগনির্ণয় ব্যবস্থায় পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট রোগনির্ণয়বিদেরা বলেছেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও রোগনির্ণয়ের ক্ষেত্রে পিছিয়ে আছে। রোগনির্ণয় ঠিক না হলে চিকিৎসা যথাযথ হয় না। উন্নত ও আধুনিক রোগনির্ণয়ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত।
গতকাল শনিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রোগনির্ণয়বিদেরা এ কথা বলেন। সার্ক অ্যাসোসিয়েশন অব সাইটোপ্যাথলজি অ্যান্ড হিসটোপ্যাথলজি এই অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ২-৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় সার্ক একাডেমি অব সাইটোপ্যাথলজি অ্যান্ড হিস্টোপ্যাথলজি সম্মেলন উপলক্ষে সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীকে অবহিত করা এবং সম্মেলনের লোগো উন্মোচনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তৃতীয় এই সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শাহ মনির হোসেন বলেন, শুধু অবকাঠামো নির্মাণ, উচ্চতর ডিগ্রির আয়োজন করলেই মানুষের সুচিকিৎসা নিশ্চিত হবে না, এর জন্য যোগ্য রোগনির্ণয়বিদ থাকা দরকার।
সম্মেলনের আয়োজকেরা বলেন, দেশে রোগনির্ণয়ব্যবস্থা উন্নত করতে অর্থের প্রয়োজন। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা বড় ভূমিকা রাখতে পারেন। অনুষ্ঠানে অবশ্য একাধিক ওষুধ কোম্পানি ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলন কার্যনির্বাহী পরিষদের সচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম মাহবুবুল আলম। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ একাডেমি অব প্যাথলজির সভাপতি মো. কামাল, সম্মেলন অভ্যর্থনা কমিটির সভাপতি এ জে ই নাহার বক্তব্য দেন।