দেশ শাসনে মহাজোট পুরোপুরি ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নারীনীতি নিয়ে সরকার জাতীয় পার্টির সঙ্গে কোনো পরামর্শ করেনি। এ নিয়ে বিতর্কে আমিনীর মতো লোক সারা দেশে যেভাবে হরতাল করলেন, তাতে মনে হচ্ছে মহাজোট দেশ শাসনে পুরোপুরি ব্যর্থ। জাতীয় পার্টি আগামী নির্বাচনে আলাদাভাবে প্রার্থী দেবে।গতকাল বুধবার দুপুরে রংপুরের বদরগঞ্জে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এরশাদ। তিনি বলেন, ‘অনেক আশা নিয়ে মহাজোট গঠন করেছিলাম। আমাদের দল থেকে মন্ত্রিসভায় একজন মন্ত্রীও নেওয়া হয়েছে, কিন্তু তিনিও ভালো নেই।’এরশাদ আরও বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে রংপুরে এসেছিলাম। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রংপুরের সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন, কিন্তু রংপুরের মানুষ তা ভালোভাবে নেয়নি। কারণ, রংপুরের দায়িত্ব নিতে হলে আমার মাধ্যমেই নিতে হবে।’উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, জাপার প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, মোস্তাফিজার রহমান, রংপুর পৌরসভার মেয়র আবদুর রউফ, দলীয় নেতা নজরুল ইসলাম, শাহীনুর ইসলাম প্রমুখ।বেলা আড়াইটার দিকে এরশাদ রংপুরের তারাগঞ্জ উপজেলার পুরোনো চৌপথির মোড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।বিকেলে নীলফামারীতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিয়ম করেন এরশাদ। এ সময় তিনি বলেন, ‘আগামী দিনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।’জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বজলার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দবির হুদা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।