জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, যেসব রাজনীতিবিদ দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছেন এবং কালো টাকা বিদেশে পাচার করেছেন, দেশ শাসন করার অধিকার তাঁদের নেই। তাঁদের প্রতিহত করতে হবে।গতকাল মঙ্গলবার সকালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন। স্থানীয় বেসরকারি সংস্থা সুশীলনের ২০ বছরে পদার্পণ এবং সুসমাজ, স্বাধীকার ও শুভশক্তির বার্ষিক সমাবেশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মিজানুর রহমান বলেন, দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রীয় উন্নয়ন হবে না, সমাজের উন্নয়ন হবে না। দরিদ্র জনগণকেও ক্ষমতার অংশীদারিত্ব দিতে হবে।সুশীলনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আ জ ম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারী, সুসমাজের সাতক্ষীরা জেলার প্রধান আজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক ও উপজেলার প্রধান ইয়াসিন আলী, স্বাধীকার উপজেলা কমিটির লিডার ইলাদেবী মল্লিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সুশীলনের পরিচালক মো. মোস্তফা নুরুজ্জামান।অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মাদক ব্যবসার গডফাদারদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে না।