দেশ সংকটে নেই, সংকটে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ সংকটে নেই, বরং সংকটে আছে বিএনপি। নয়টি সিটি করপোরেশনের মধ্যে সাতটিতে জিতে যে দল আন্দোলনে সফল হয় না, সে দল উপজেলায় বিজয়ী হয়েও কোনো সফল আন্দোলন করতে পারবে বলে মনে হয় না।
গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজের অংশ হিসেবে লেমুয়া সেতুর নির্মাণকাজ পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক নেতা বলেন, দেশ গভীর সংকটে রয়েছে। আরেক নেতা বলেন, দলের মধ্য থেকে বিশ্বাসঘাতকদের বের করে দিতে হবে। এতেই বোঝা যায়, দেশ নয় বরং বিএনপিই সংকটে রয়েছে।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকালে যোগাযোগমন্ত্রী ফেনী সার্কিট হাউসের সামনের বিজয় সিংহ দীঘির পাড়ের পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফেনীর জেলা প্রশাসককে নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি (মন্ত্রী) ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাস দেন।