দেশ সংকটে নেই, সংকটে বিএনপি: ওবায়দুল

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ সংকটে নেই বরং সংকটে আছে বিএনপি। নয়টি সিটি করপোরেশনের মধ্যে সাতটি জিতে যে দল আন্দোলনে সফল হয় না, সে দল উপজেলায় বিজয়ী হয়েও কোনো সফল আন্দোলন করতে পারবে বলে মনে হয় না।
আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজের অংশ হিসেবে লেমুয়া ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির এক নেতা বলেন দেশ গভীর সংকটে রয়েছে। আরেক নেতা বলেন দলের মধ্য থেকে বিশ্বাসঘাতকদের বের করে দিতে হবে। এতেই বোঝা যায়, দেশ নয় বরং বিএনপিই সংকটে রয়েছে। বিগত পাঁচ বছরে তারা কোনো আন্দোলন করতে পারেনি। এখন বলছে, উপজেলা নির্বাচনের পর আন্দোলন শুরু করা হবে। তারপর হয়তো বলবে রমজানের পর, আবার বলবে কোরবানের পর। এভাবে আগেও বলেছে, সফল হয়নি।’ তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনের পর যাঁরা জয়ী হবে, তাঁরা নিজ নিজ এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা করবে। তাঁদের মাথায় তখন আন্দোলন থাকবে না।’
চার লেন কাজের অগ্রগতি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটার চার লেনের কাজের মধ্যে ৫০ কিলোমিটার কাজ শেষ হয়েছে। মাত্র আট থেকে ১০ কিলোমিটার ছাড়া বাকি অংশে মাটির কাজ শেষ হয়েছে। ২৩টি ব্রিজের মধ্যে ১৫টির কাজ শেষ। বাকিগুলোর কাজ দ্রুতগতিতে চলছে। সবগুলো কালভার্টের কাজ শেষ।’ গত তিন মাস বিরোধী দলের আন্দোলনের নামে নাশকতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে পারেনি বলে মন্ত্রী অভিযোগ করেন। মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সড়কের কাজ পুরোপুরি শেষ হবে।
এ সময় সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।