দেশ সংকটের দিকে এগিয়ে চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, দেশ সংকটের দিকে এগিয়ে চলছে। গ্যাস-বিদ্যুৎ নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও শেয়ারবাজার কেলেঙ্কারির কারণে মানুষ মহাজোট সরকারের ওপর বিরক্ত।কুমিল্লা টাউন হলের মাঠে গতকাল বুধবার এক মহাসমাবেশে জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টি এই মহাসমাবেশের আয়োজন করে।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেন বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, দলের মহাসচিব ও সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম, এয়ার আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এন এম শফিকুর রহমান প্রমুখ।এরশাদ বলেন, ‘মহাজোটে গিয়েছিলাম অনেক আশা নিয়ে। কিন্তু মহাজোট মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রতিদিন খবরের কাগজে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার খবর পাই। এসব দেখে বিচলিত হয়ে যাই। তাই শেষবারের মতো জাতীয় পার্টিকে সংগঠিত করে ঘুরে দাঁড়াতে চাই। এ জন্য কুমিল্লাবাসীর সর্বাত্মক সহযোগিতা দরকার।’ তিনি বলেন, ‘আমার সময়ে কুমিল্লার বহু শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। রাস্তাঘাট উন্নত হয়েছে। আমার সময়ে দেশে ছিনতাই ছিল না, মানুষ শান্তিতে ঘুমাতে পারত।’ তিনি বলেন, জাতীয় পার্টি আবার ক্ষমতায় এলে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবে।১৭ মিনিটের বক্তব্যে এরশাদ বলেন, ‘১৯৯০ সালে আমাকে কারাগারে ঢুকিয়ে ছয় বছর রাখা হয়। দলকে ছিন্নভিন্ন করা হয়। আমাকে দল থেকে বিচ্ছিন্ন করা হয়। সব দুঃখ ভুলে গিয়ে আমি এখন নতুন করে দলকে ঢেলে সাজাতে চাই।’ তিনি বলেন, ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে লড়াই করার জন্য সুবিচার পেতে মহাজোটে গিয়েছি। মহাজোটে গিয়ে কতটুকু পেয়েছি, তা সময় এলেই জানা যাবে। আমরা মহাজোটকে সাহায্য করতে চাই। কিন্তু তারা আমাদের কথা স্মরণ করে না।’ এরশাদ বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হলে মেয়র পদে মহাজোটের পক্ষে প্রার্থী হবেন এয়ার আহমেদ।মহাসমাবেশে বিমানমন্ত্রী জি এম কাদের বলেন, ‘যত দিন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারব, তত দিন মহাজোটে থাকব। আমরা এখন অপেক্ষায় আছি।’