সৌদি আরব সফরে থাকা বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচারের নামে নিরপরাধ ব্যক্তিদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। খবর চ্যানেল আই এবং ইউএনবির।রিয়াদ বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় খালেদা জিয়া বাংলাদেশকে সংবিধানহীন ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করে সরকারের শিক্ষা ও নারীনীতির সমালোচনা করেন।তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের সমর্থনে জাগো বাংলাদেশ দল করার চেষ্টাকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন বেগম জিয়া। ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বেগম জিয়া গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে মদিনায় পৌঁছান। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করার জন্য তিনি সেখানে যান।বেগম জিয়া গতকাল মসজিদ-ই-নববিতে আসরের নামাজ আদায় করেন। বাদ মাগরিব তিনি রওজা মোবারক জিয়ারত করেন। আজ বুধবার মক্কায় তাঁর ওমরাহ পালনের কথা রয়েছে। খালেদা জিয়া সৌদি বাদশাহর আমন্ত্রণে পায়ের গোড়ালির চিকিৎসার জন্য ২০ মার্চ রিয়াদের উদ্দেশে রওনা দেন। রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।