সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘বাংলাদেশ বর্তমান সাংঘর্ষিক রাজনীতিতে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, এর আগে কখনো এমন পরিস্থিতি হয়নি। আজ আমরা মোজাফ্ফর আহমদকে মর্মে মর্মে উপলব্ধি করছি। তিনি থাকলে দিকনির্দেশনা পেতাম। তাঁকে হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম।’প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মরণে গতকাল বুধবার আয়োজিত এক আলোচনা সভায় আকবর আলি খান এ কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক মোজাফ্ফর আহমদের সংগ্রাম শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গড়ব বাংলাদেশ নামের একটি সংগঠন।সভায় প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমদ অনন্যসাধারণ মানুষ এবং একজন সচেতন নাগরিক ছিলেন। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ রক্ষা ছাড়াও যখনই বড় কোনো সমস্যা দেখা দিয়েছে, তখনই জাতির বিবেক হিসেবে তিনি সঠিক পথনির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মোজাফ্ফর আহমদ যাওয়ার সময় তাঁর কতগুলো কাজ ও বক্তব্য রেখে গেছেন। তাঁর জীবনকর্ম ও বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে, দেশের রাজনীতি শুধু রাজনীতিকদের হাতে ছেড়ে দেওয়া নয়, জনগণের ওপর রাজনীতি ছেড়ে দিতে হবে। যেখানেই নাগরিকেরা সমস্যার সম্মুখীন হবে, সেখানেই এগিয়ে এসে বক্তব্য তুলে ধরতে হবে। চুপ করে বসে থাকা যাবে না।আকবর আলি খান বলেন, সর্ব ক্ষেত্রে নাগরিকদের সজাগ, সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হয় দুঃশাসন দেখা দেবে। এর জন্য কোনো রাজনৈতিক দল করার প্রয়োজন নেই।আলোচনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘যদি অধ্যাপক মোজাফ্ফর আহমদের আকাঙ্ক্ষার সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে হয়, তাহলে প্রচলিত দলীয় আধিপত্যবাদী রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।’গড়ব বাংলাদেশের সভাপতি সাহেদা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সংগঠনের মুখপাত্র কামরুল হাসান, জাতীয় নাগরিক মঞ্চের প্রধান লে. কর্নেল (অব.) ফরিদুল আকবর প্রমুখ বক্তব্য দেন।