প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান এ দেশের স্বপ্ন ও স্বাধীনতা নিয়ে এসেছেন। দেশ স্বাধীন না হলে তাঁর পক্ষে প্রধান বিচারপতি হওয়া সম্ভব হতো না।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১ নম্বর বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর জনমিলন কেন্দ্রে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি রণজিৎ কুমার ঘোষ। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মুখ্য বিচারিক হাকিম এ জি এম আল মাসুদ প্রমুখ।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা অনেক উন্নতি করছি। এখন আর কেউ আমাদের বটমলেস বাস্কেট (তলাবিহীন ঝুড়ি) বলে না। তবে উন্নয়ন করছি বলে যদি খুশি থাকি, তাহলে চলবে না। আরও লেখাপড়া করতে হবে। আমাদের মেধার উন্নতি করতে হবে।’