বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের কপালে আরও দুঃখ আছে। কিন্তু গৌরবের কথা হলো, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করায় অবদান রেখেছেন, সেটাই তাঁদের জন্য বড় পাওয়া। এই সুযোগ অন্যরা পাননি। সুতরাং মুক্তিযোদ্ধারা বাকি কিছুর জন্য দুঃখ প্রকাশ করবেন না।’গতকাল রোববার বিজয় দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এসব কথা বলেন।সকাল আটটায় গুলশান-১-এর শহীদ ডা. রাব্বি পার্কে এ আলোচনা সভার আয়োজন করে গুলশান-নিকেতন রিক্রিয়েশন সোসাইটি।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ১১ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তাঁরা হলেন: নজরুল ইসলাম, সারোয়ার হোসেন, জে এল ভৌমিক, এস এম ইসহাক, দাবির উদ্দিন, আমিনুল ইসলাম, মো. ইব্রাহীম, সিরাজ উদ্দিন, শহীদ বাবলু, নুরুল ইসলাম ও আনোয়ারুল আলম।সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধের সংগঠক নুরুল ইসলাম, সাবেক আমলা আনোয়ারুল আলম ও সোসাইটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।