জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে সংকট দেখা দিয়েছে। দেশ হরতাল ও সংঘাতের দিকে এগোচ্ছে। দ্রব্যমূল্য বেড়ে মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সরকার জনগণের আস্থা হারাবে।’গতকাল শনিবার বিকেলে সিলেট নগরের রেজিস্টারি মাঠে জেলা জাতীয় পার্টির তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এরশাদ এ কথা বলেন। মহাজোটের শরিক দলগুলোর নেতাদের উদ্দেশে এরশাদ বলেন, ‘মহাজোটকে ক্ষমতায় আনতে জাতীয় পার্টি বেশি ত্যাগ স্বীকার করেছে। আওয়ামী লীগকে ভুলে গেলে চলবে না, জাতীয় পার্টির সহায়তায় তারা ক্ষমতায় এসেছে।’ এ কথা বলে জাতীয় পার্টিকে ‘অবমূল্যায়ন’ ও ‘ছোট’ করে না দেখতে আহ্বান জানান তিনি। মহাজোটে যোগ দেওয়ার পর জাতীয় পার্টি কাঙ্ক্ষিত অনেক কিছু পায়নি উল্লেখ করে এরশাদ বলেন, ‘মহাজোটে আছি, থাকতে চাই। মহাজোটকে আবার ক্ষমতায় আনতে চাই। এ জন্য জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।’সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানদের হাতে ক্ষমতা নেই। নির্বাচিতদের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপজেলা কোর্ট চালু করুন। দেশের উন্নতি হবে, দেশ এগিয়ে যাবে।’ সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, আতিকুর রহমান, সাংসদ নবাব আলী আব্বাস খান প্রমুখ। তৃণমূলের প্রতিনিধি হিসেবে সম্মেলনে সিলেটের জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, কানাইঘাটের বাবুল আহমদ, মহিলা জাতীয় পার্টির শিউলী আক্তার, বিশ্বনাথের রফিকুল ইসলাম, বালাগঞ্জের ছালেহ আহমদ প্রমুখ বক্তৃতা করেন।