জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায় তারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যখন একটি আত্মমর্যাদাশীল এবং আত্মনির্ভরশীল দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন দেশি-বিদেশি একটি চক্র এ দেশের অগ্রযাত্রা বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অস্ত্রের মুখে নিরীহ সাধারণ মানুষকে জিম্মি করে এরা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায়।
গতকাল শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গত শুক্রবার রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় হতাহত ও জিম্মিদের উদ্ধারের পর তিনি বেতার ও টেলিভিশনে এই ভাষণ দেন। ভাষণে তিনি সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং নজিরবিহীন এই সন্ত্রাসী ঘটনায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পথে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কোমলমতি যুবক-কিশোরদের ধর্মের নামে বিভ্রান্ত করে বিপথে ঠেলে দিচ্ছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে মানুষ হত্যা করছে। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ষড়যন্ত্রকারীদের কৌশল বাস্তবায়িত হতে দেবে না। সরকার দেশবাসীকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত প্রতিহত করবে।
গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলাকে বর্বর ও কাপুরুষোচিত আক্রমণ অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে এ ধরনের হামলা নজিরবিহীন। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানেরা যখন এশা ও তারাবির নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এই হামলা ধর্ম ও মানবিকতাকে অবমাননা করেছে।
শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসীদের সমূলে নির্মূল করে আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করবই। কোনো ষড়যন্ত্রই আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় একযোগে কাজ করি।’ তিনি বলেন, হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেয়। পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। পরে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর কমান্ডোরা অভিযানে অংশ নিয়ে জিম্মিদের মুক্ত করে আনেন। এ সময় ছয় সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। তিনজন বিদেশিসহ ১৩ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এই অভিযানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীর যেসব সদস্য অংশ নিয়েছেন, তাঁদের সবাইকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। বিশ্ব সম্প্রদায়ের যেসব নেতা এ ঘটনার নিন্দা জানিয়ে সরকারের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছেন, তাঁদের প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানান।
এই নৃশংস হামলায় নিহত দুই পুলিশ সদস্য ও অন্যদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখুন। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা যেকোনো মূল্যে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ।’
মুষ্টিমেয় বিপথগামী সন্ত্রাসীকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব জেলা-উপজেলা পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটি, কমিউনিটি পুলিশ এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সন্ত্রাস মোকাবিলায় এগিয়ে আসতে হবে।
শেখ হাসিনা বলেন, ‘যেসব কোমলমতি যুবক-কিশোর বিপথে পরিচালিত হচ্ছে, যাঁরা তাদের মদদ দিচ্ছেন, তাঁদের কাছে আমার প্রশ্ন—মানুষ হত্যা করে কী অর্জন করতে চান? ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে মানুষ হত্যা বন্ধ করুন।’
অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার সন্তানকে সুশিক্ষা দিন। তারা যাতে বিপথে না যায়, সেদিকে নজর রাখুন।’