দেশকে অস্থিতিশীল করতে গুপ্তহত্যা: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে বলেই সরকারকে অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল গুপ্তহত্যা চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা ও বাধা উপেক্ষা করেই অসাম্প্রদায়িক এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করা হবে। কাজ দিয়েই জনগণের মন জয় করতে হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত যেভাবে এগিয়ে গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশও একইভাবে এগিয়ে যাবে।
মোহাম্মদ নাসিম আরও বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করার জন্য মন্ত্রণালয় জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্বাস্থ্য খাতে বিএসএমএমইউকে চিকিৎসাসেবা ও গবেষণায় কেন্দ্রস্থলে পরিণত করতে সব ধরনের সহায়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত।
সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, বিশ্ববিদ্যালয় আগের তুলনায় এখন অনেক বেশি প্রাণবন্ত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সাংসদ মোস্তাফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক এম এ আজিজ।