দেশকে অস্থিতিশীল করার চেষ্টা সরকার দমন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি-জামায়াতের আগুন-সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা সরকার কঠোর হাতে দমন করতে সক্ষম হয়েছে। এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের করে এনে বাংলাদেশকে একটি সক্ষম দেশে উপনীত করেছি।’
গতকাল রোববার সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
বিগত সময়ে বিএনপি-জামায়াতের ৯২ দিনের অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ এ দেশের জনগণ প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ, সহিংসতা, হত্যা ও ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার বাংলাদেশে জঙ্গি তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেন, ‘আমাদের দেশে একটা-দুইটা মারা গেলে প্রতিদিন তারা বিবৃতি দেয়। নছিহত করে, গণতন্ত্র নেই বলে, ভালো নির্বাচন হয়নি বলে এসব ঘটনা ঘটছে। কিন্তু আমেরিকাতেও কি মানুষ মারছে না? স্কুলে, কলেজে মানুষ মারছে না? এক ক্লাবে একবারে ৫৩ জন মারা গেল।’ মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘ফ্রান্সে গণতন্ত্র নাই? ব্রিটেনে গণতন্ত্র নাই? ওখানে তো গণতন্ত্র আছে।’
মন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন নির্বাচন দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। যারা মানুষ মারছে তারা তো নির্বাচন চাচ্ছে না। জাতীয় সংলাপ আহ্বানকারীদের উদ্দেশে তিনি বলেন, কেউ বলছেন সমস্যার সমাধানে জাতীয় সংলাপ করতে হবে। আমরা কার সঙ্গে বসব, মুফতি হান্নানের সঙ্গে? তিনি বলেন, আইএস মানে ইসলামী ছাত্রশিবির।
জাতীয় পার্টির মো. নোমান বলেন, নিজ নির্বাচনী এলাকায় সাচ্ছন্দে তিনি কাজ করতে পারছেন না। দেশ ভালো চলছে, এটা বলা যাবে না। এভাবে চলতে থাকলে বড় ধরনের খেসারত দিতে হবে। ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান বলেন, প্রাথমিক শিক্ষার ঢালাও জাতীয়করণের কারণে শিক্ষার মান রক্ষা করা যাচ্ছে না।