নারী ও পুরুষের সমান মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে আরও বেশি ভালোবাসার অঙ্গীকার করেছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। গতকাল শনিবার নাটোর এনএস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী বন্ধুমেলায় দেশের ১৪টি এলাকা থেকে আসা প্রায় ৪০০ তরুণ-তরুণী এ অঙ্গীকার করেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নাটোর বন্ধুসভা এ মেলার আয়োজন করে।
সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বন্ধুমেলার উদ্বোধন করেন সমাজকর্মী দীপালি রানী। স্বামীর ক্ষুদ্র সেলুনের দোকানের সামান্য উপার্জন দিয়ে সংসার চালানোর পাশাপাশি এলাকার স্বল্প আয়ের পরিবারের সন্তানদের শিক্ষা দেওয়ার মাধ্যমে কীভাবে তিনি দেশকে ভালোবাসছেন সে কথা তরুণদের জানান দীপালি। বন্ধুসভার পতাকা উত্তোলন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি সমন্বয়ক বনশ্রী মিত্র নিয়োগী। পরে নাটোর, রাজশাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, গুরুদাসপুর, লালপুর, সান্তাহার, নওগাঁ, ঈশ্বরদী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রায়গঞ্জ ও জয়পুরহাট বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
নাটোর বন্ধুসভার সদস্যরা অংশগ্রহণকারীদের প্রবেশের সময় মিষ্টি ও ফুল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে নাটোরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে দলীয় নৃত্য পরিবেশন করেন পপি পারভিন ও তাঁর সঙ্গীরা। এরপর এক এক করে সব সংগঠন থেকে দলীয় পরিবেশনা উপস্থাপন করা হয়।
মাঝে অতিথি বন্ধুদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন ও নাটোর বন্ধুসভার সভাপতি শাজাহান আলম। এরপর মঞ্চে উঠে বন্ধুদের সৎ ও যোগ্য নাগরিক হওয়ার শপথবাক্য পাঠ করান বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন। বন্ধুসভার প্রত্যেককে তিনি অন্য সবার থেকে আরও একটু বেশি ভালো হওয়ার ও দেশের জন্য ভালো কিছু করার আহ্বান জানান। তিনি বলেন, ‘নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করাই দেশপ্রেম।’
অনুষ্ঠানে আসা প্রথম আলোর প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ। এর আগে নারীর মর্যাদা প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের বনশ্রী মিত্র নিয়োগী ও আরিফুল ইসলাম।
বনশ্রী মিত্র বলেন, ‘দেশের অর্ধেক মানুষ নারী। নারী-পুরুষের মর্যাদায় সমতা না নিয়ে এলে দেশ এগোবে না।’
দিনব্যাপী এ বন্ধুমেলায় ঢাকা, দিনাজপুর, যশোর, খুলনা থেকেও বন্ধুসভার কিছুসংখ্যক বন্ধু অংশ নেন।