দেশকে আলোর পথে নিয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে গতকাল দিনভর উচ্ছ্বাসে-আনন্দে মেতে ছিল সংবর্ধিত শিক্ষার্থীরা  ছবি: প্রথম আলো
সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে গতকাল দিনভর উচ্ছ্বাসে-আনন্দে মেতে ছিল সংবর্ধিত শিক্ষার্থীরা ছবি: প্রথম আলো

তোমরাই এ দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। তোমাদের কাছে অন্যায়, অত্যাচার ও দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই।প্রথম আলো ও টেলিটকের আয়োজনে গতকাল শনিবার সিলেট, মানিকগঞ্জ, নাটোর ও জামালপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
সিলেট: শহরতলির এয়ারপোর্ট রোড এলাকার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে বেলা তিনটায় মূল অনুষ্ঠান শুরুর আগে প্রায় এক হাজার শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপহার হিসেবে শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকদের দেওয়া হয় টেলিটকের সিম। এরপর বন্ধুসভার সদস্যরা পরিবেশন করেন জাতীয় সংগীত। অনুষ্ঠানে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে সারা বিশ্বের জ্ঞান-বিজ্ঞানকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে হবে তোমাদের।’অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিলেট ক্যাডেট কলেজের প্রভাষক মুহামঞ্চদ আবু ইউসুফ খান, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. আমান উল্লাহ, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. মাসুক মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম, টেলিটকের ঢাকা কার্যালয়ের মহাব্যবস্থাপক ফারুক আহমদ, উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, অভিভাবক আল-আজাদ, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও সিলেট বন্ধুসভার সভাপতি মোহামঞ্চদ মোমেন মিয়া। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় বহ্নিশিখা রায়, মাসুদ আলম ও সমুদ্র দে।

অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়কে সম্মাননা দেওয়া হয়। এ পর্ব সমন্বয় করেন সিলেট বন্ধুসভার উপদেষ্টা এন ডি মিথুন।

সাংস্কৃতিক পর্বে সিলেট বন্ধুসভার রণজিৎ পুরকায়স্থ, সুস্মিতা শাওন, তাহিয়া ঐশী ওসমানী, অরুণ, শুভ ও হাসান এবং কৃতী শিক্ষার্থীদের মধ্যে ফারজানা মাহজাবিন ও জান্নাত তাসনুভা চৌধুরী সংগীত পরিবেশন করে। নৃত্য পরিবেশন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার মিতা ও ঈশিতা। এ ছাড়া বন্ধুসভার খলিলুর রহমানের নির্দেশনায় ঢাকায় মাদকাসক্ত মেয়ের হাতে মা-বাবাকে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে একটি চমৎকার কোরিওগ্রাফি মঞ্চায়ন করা হয়। সবশেষে ক্লোজআপ তারকা আতিক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার সদস্য চৈতালী সন্ধ্যা ও মাহবুব পলাশ।

মানিকগঞ্জ: সকাল সাড়ে ১০টায় শহরের সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীতের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন মানিকগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম।

বক্তৃতাপর্বে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. ইন্তাজ উদ্দিন বলেন, ‘তোমাদের এই মেধার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’ বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জাকির হোসেন বলেন, ‘পাঠ্যপুস্তকের পাশাপাশি তোমাদের লেখক-সাহিত্যিকের লেখা পড়তে হবে।’ মানিকগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা দীপক কুমার ঘোষ বলেন, ‘মেধা ও সততার সমন্বয় ঘটিয়ে তোমরা আগামী পৃথিবীটাকে আরও সুন্দর ও সার্থক করে তুলবে।’

অতিথিদের মধ্যে আরও বক্তব্য দেন সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, মানিকগঞ্জ পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল কালাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, বন্ধুসভার উপদেষ্টা ও উন্নয়নকর্মী বিমল রায় এবং প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন। বক্তৃতাপর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মানিকগঞ্জ বন্ধুসভার সদস্য আল্পনা সরকার ও প্রিয়াংকা রায় সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়, হরিরামপুর পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চবিদ্যালয় ও এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পেয়েছে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মাননা।

মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিকগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহবুব আলম।

নাটোর: নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেনের স্বাগত বক্তব্যের পর অতিথিরা বক্তৃতা করেন।

নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা দেশকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে। তামাদের কাছে অন্যায়, অত্যাচার, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই।’ অভিভাবক গোলাম কামরান বলেন, ‘আমাদের বিজ্ঞানীরা নতুন নতুন উদ্ভাবনীতে সফল হচ্ছেন। এই সফলতাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে।’

অনুষ্ঠানে চাচকৈড় উচ্চবিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন ও নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী শবনম বিনতে শামীম বক্তব্য দেয়।

অন্যদের মধ্যে দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আবদুর রশিদ, টেলিটকের সহকারী ব্যবস্থাপক আলভী ইসলাম, লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সালাম, শিক্ষার্থী আজমান আহমেদ ও সোয়েব রহমান বক্তব্য দেন।

অনুষ্ঠানে নয় শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ক্রেস্ট পেয়েছে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন বন্ধুসভার রুবেল ও রাশেদা আক্তার। নাটোর বন্ধুসভার সভাপতি মামুনুর রশিদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সানোয়ার হোসেন।

সরিষাবাড়ী (জামালপুর): পৌর পাবলিক মিলনায়তনে সকাল ১০টায় বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

জামালপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নাসিমা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এই কৃতী সন্তানেরা একদিন সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।’ হাসিল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সুজন আহমেদ বলেন, ‘তোমরাই একদিন এই দেশ পরিচালনা করবে এবং দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তুলবে।’

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিগপাইত মামুন সঞ্চৃতি পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (বিক্রয়) আবুল বাশার, টেলিটক কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃতী শিক্ষার্থী জেরিয়াতুল হামসা ও সাকিব হাসান।

জেলার সাতটি উপজেলার আট শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে হাসিল স্কুল অ্যান্ড কলেজ, দিগপাইত মামুন সঞ্চৃতি উচ্চবিদ্যালয় ও জামালপুর জেলা স্কুল।

বন্ধুসভার সদস্যদের গান, নাচ ও গীতিনাট্য মঞ্চায়নের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর বন্ধুসভার সভাপতি দীপ সরকার।

আজ রোববার

ভোলা

স্থান: শিল্পকলা একাডেমী মিলনায়তন

সময়: সকাল ১০টা