দেশকে এগিয়ে নিতে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ১৪ কোটি মানুষের মধ্যে প্রায় দুই কোটি প্রতিবন্ধী। এই বিপুলসংখ্যক প্রতিবন্ধী মানুষকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিবন্ধীদের শিক্ষা, প্রশিক্ষণ ও নিরাপত্তা দিতে হবে। তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এ অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিবন্ধী কল্যাণ আইন-২০০১ আরও শক্তিশালী করতে হবে।গতকাল মঙ্গলবার খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের অংশগ্রহণ’ শীর্ষক বিভাগীয় সংলাপে আলোচকেরা এসব কথা বলেন। সংলাপে পাঠ করা মূল প্রবন্ধে বলা হয়, সদ্য প্রকাশিত ‘ওয়ার্ল্ড রিপোর্ট অন ডিজঅ্যাবিলিটি-২০১১’ অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার ১৫ ভাগ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধী। সেই হিসাবে বাংলাদেশেও আনুমানিক দুই কোটি প্রতিবন্ধী রয়েছে। তাদের সিংহভাগই গ্রামে বাস করে। বাংলাদেশের সংবিধানের ১৫, ১৭, ২০ ও ২৯ নম্বর অনুচ্ছেদে অন্যান্যের মতো প্রতিবন্ধীদেরও সমান সুযোগ ও অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে। সেভ দ্য প্লানেট অ্যান্ড ডিজঅ্যাবিলিটির (এসপিডি) আয়োজনে এবং বেসরকারি সংস্থা সিসিডি ও সিবিএমের সহযোগিতায় সংলাপটি অনুষ্ঠিত হয়। এসপিডির নির্বাহী প্রধান মো. আইয়ুব নবী মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার।