অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আওয়ামী লীগ দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। নানা প্রতিকূলতা উপেক্ষা করে বর্তমান সরকার সে অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’গত বুধবার রাতে সিলেট নগরের ধোপাদীঘিরপার এলাকার নিজ বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এ সময় অর্থমন্ত্রী আওয়ামী লীগের লক্ষ্য বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের আরও সচেষ্ট থাকার আহ্বান জানান।শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস জহির চৌধুরী সুফিয়ান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, মহানগর আওয়ামী লীগের নেতা আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।