‘বাংলাদেশের উন্নয়নে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব’ শীর্ষক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে গাণিতিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণারত তানভীর আহাম্মেদ ভূঁইয়া বলেছেন, প্রযুক্তির উন্নয়নে গবেষণা ও সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশকে সর্বক্ষেত্রে উন্নতি করতে হলে উন্নত গবেষণা করতে হবে। এ জন্য প্রচুর অর্থব্যয়সহ বিজ্ঞানমনস্ক রাজনৈতিক নেতৃত্ব থাকতে হবে। তিনি আরও বলেন, উন্নত গবেষণাই পারে খাদ্যশস্যসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনে দিতে। পৃথিবীর বহু দেশে গবেষণার জন্য চৌকস ও মেধাবীরা দিনরাত পরিশ্রম করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকেও উন্নত গবেষণাগার তৈরি করতে হবে। তবেই দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদার হবে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনে ওই বক্তৃতা হয়। এর আয়োজন করে কুমিল্লা রোটারি ক্লাব। রোটারি ক্লাবের সভাপতি হাসান ইমাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা রোটারি ক্লাবের সাবেক সভাপতি পাপড়ি বসু ও বর্তমান সাধারণ সম্পাদক অরুণ কান্তি সাহা। মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাবিজ্ঞানে উন্নত গবেষণা হচ্ছে। বর্তমান সরকারের আমলে ওই গবেষণা কার্যক্রম আরও এগিয়ে চলছে। নতুন প্রজন্মকে বিজ্ঞানশিক্ষার প্রতি উদ্বুদ্ধ না করলে দেশ পিছিয়ে যাবে। তাই বিদ্যালয় ও কলেজ পর্যায়ে মেধাবীদের বিজ্ঞান বিভাগে পড়তে হবে। তবেই দেশের প্রযুক্তিগত উন্নয়ন হবে।