শুধু পরীক্ষায় ভালো ফল নয়, ভালো মানুষ হয়ে দেশের কাজে লাগার এবং দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে কৃতী শিক্ষার্থীরা। তারা শপথ নিয়েছে ইভ টিজিং ও এসিড নিক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ এবং দুর্নীতি, যৌতুক ও মাদকমুক্ত সমাজ গড়ার।প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সংবর্ধনা অনুষ্ঠানে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এ অঙ্গীকার করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লাকুমিল্লা জিলা স্কুল মাঠে জেলার ৩৮৭টি বিদ্যালয়ের এক হাজার ৫৭০ জন কৃতী শিক্ষার্থীর মেলা বসেছিল গতকাল। শিক্ষক, শিক্ষার্থী আর সুধীজনের কথামালায় অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে।শুভেচ্ছা বক্তব্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুন্ডু গোপীদাস বলেন, ‘কৃতী শিক্ষার্থীদের এমন সংবর্ধনা সততা আর ন্যায়ের পথে চলার প্রেরণা দেবে। জ্ঞানচর্চায় অনেকের মধ্য থেকে শ্রেষ্ঠ হওয়ার শক্তি জোগাবে।’প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান বলেন, ‘প্রথম আলো কেবল সংবাদ পরিবেশন করেই দায়িত্ব পালন করছে না, সামাজিক আন্দোলনেও ভূমিকা রাখছে, দেশে গণতন্ত্র সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে আগামী দিনে মেধাবীদেরও এগিয়ে আসতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম নাজমুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. ইমরুল হাসান, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র ভৌমিক, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, কৃতী শিক্ষার্থী দিবানূর নাহার, খন্দকার আশরাফি আকবর ও কুমিল্লা বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন।ময়মনসিংহ‘এসএসসি পরীক্ষা চলাকালে আমার বাবা মারা যান। আজ এই আনন্দের দিনে সবার মাঝে নিজেকে পেয়ে বেশ ভালো লাগছে।’ এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করে কৃতী শিক্ষার্থী সাদমান। গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে জেলার ২২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৮০০-এর বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় ও বেলা তিনটায় দুটি পর্বে এ অনুষ্ঠান হয়।ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ আনিসুল হক কৃতীদের বলেন, ‘তোমরাই হবে আগামী দিনের আলোকবর্তিকা। এ দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে।’ প্রথম আলোর উপপ্রধান প্রতিবেদক শিশির মোড়ল বলেন, ‘যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো। আর তাই তোমাদের সঙ্গে মিলিত হয়েছি। দেশে ভালো মানুষের অভাব পূরণ করতে হবে। ভালো মানুষ হতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবির ময়মনসিংহ অঞ্চলের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের (পুরুষ) অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী শিক্ষিকা রত্না সাহা, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা (প্রভাতী) শামসুন নাহার, কৃতী শিক্ষার্থী আরিফ, আল আমীন, রিয়ান, শাওন ও রিয়াদ। বিকেলের অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মো. আবু রায়হান, মোমেনশাহী ডিএস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল ওয়াহাব খান, অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান, প্রথম আলোর অনুষ্ঠান নির্বাহী হোসাইন সাদিক চৌধুরী। ভালো ফলের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠান দুটিতে শিল্পী মেহরীন ও প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার সদস্যরা একাত্তরের চিঠি পড়ে এবং গান, নাচ, আবৃত্তি ও কৌতুক করে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন।বরিশালনগরের বান্দ রোডের মুক্তিযুদ্ধ মিলনকেন্দ্রটি (বরিশাল অডিটরিয়াম) গতকাল প্রায় এক হাজার ২০০ কৃতী শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয়েছিল। প্রথম আলো-রবির সংবর্ধনার মধ্যে প্রিয় বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা বাড়তি মাত্রা যোগ করে। খুদে নৃত্যশিল্পী শামরী রহমান শুচির নৃত্য, সংগীতশিল্পী পুলক ও মেধাবীদের সংগীত, আবৃত্তি ও বন্ধুসভার বন্ধুদের সংগীতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ঝরে যাওয়া শিক্ষার্থীরাও যাতে পরীক্ষায় অংশ নিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, শুধু ভালো ফলই নয়, ভালো মানুষ হয়ে দেশের কাজে লাগতে হবে। একুশ শতকের বাংলাদেশের জন্য প্রস্তুত হতে হবে।প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ বলেন, একটি সুন্দর জাতি ও দেশ গড়ার কাজে মেধাকে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজে লাগাতে হবে। কৃতী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই প্রথম আলোর এই আয়োজন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রবির আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুল হাসান, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার পাল, বন্ধুসভার বরিশাল জেলার সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ।ভালো ফলের জন্য বরিশাল ক্যাডেট কলেজ, বরিশাল জিলা স্কুল ও বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সম্মাননা স্মারক পেয়েছে।পাবনাসমবেত কণ্ঠে জাতীয় সংগীত। এর পরই নৃত্য পরিবেশন। মিলনায়তনভর্তি হাজার কৃতীদের করতালি। সকাল ১০টায় শহরের দোয়েল সেন্টার মিলনায়তনে এভাবেই শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, শিক্ষার্থী ফয়সাল আহম্মেদ ও আনিকা সামা, অধ্যক্ষ মাকসুদ আলম চৌধুরী, প্রভাষক শামসুন্নাহার, আঞ্চলিক ব্যবস্থাপক আবু সেলিম প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বন্ধুসভার সহসভাপতি স্বাধীন মজুমদার, কৃতীদের শপথ করান সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান। ভালো ফলের স্বীকৃতিস্বরূপ পাবনা জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বেড়া উপজেলার আল হেরা স্কুল অ্যান্ড কলেজকে সম্মাননা স্মারক দেওয়া হয়।রাঙামাটি শুধু পরীক্ষায় ভালো ফল করলে হবে না। জীবনের সব ক্ষেত্রে ভালো করে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। কৃতীদের আলোয় দেশ আলোকিত হলে, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হলে এই সংবর্ধনার আয়োজন সার্থকতা লাভ করবে।শহরের রাজবাড়ী এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলার সাবেক শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, রবির চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান, প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা প্রমুখ বক্তৃতা করেন। রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কেপিএম স্কুল অ্যান্ড কলেজ ও রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়কে ভালো ফলের জন্য সম্মাননা স্মারক দেওয়া হয়। বান্দরবানজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার জেলা সভাপতি চিংচিং ওয়াং পুপু মারমা। বক্তৃতা করেন শিক্ষক কৃষ্ণ দাশ, মো. ইয়াকুব, গীতাশী বিশ্বাস, প্রবীণ শিক্ষক দীপ্তি কুমার বড়ুয়া, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মামুন আব্দুল্লাহ ও রবির আঞ্চলিক ব্যবস্থাপক শাখাওয়াত হোসাইন। শিক্ষার্থী অংটিং মারমা বলেন, ‘মা-বাবা আমাকে লেখাপড়া নিয়ে তাড়া করেছে বলে আমার জিপিএ-৫ পাওয়া সম্ভব হয়েছে। সে জন্য আমার উপলব্ধি হলো, সচেতন মা-বাবা না হলে শুধু শিক্ষকদের চেষ্টায় কৃতিত্ব অর্জন করা সম্ভব নয়।’ভালো ফলের স্বীকৃতিস্বরূপ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় ও বান্দরবান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তঞ্চঙ্গা শিল্পীগোষ্ঠী, মারমা শিল্পীগোষ্ঠী এবং গিরিপুষ্প সংগঠনের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।ঝালকাঠি‘তোমরা অঙ্গীকার করো, তোমাদের মধ্যে পশুত্ব, অহংকার, হিংসা ও বিদ্বেষ থাকবে না। সৎ ও আদর্শবান শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ছোট ছোট ভালো কাজ করে দেশের প্রতি তোমাদের দায়িত্ব পালন করতে হবে।’ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান।অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ মো. রুস্তুম আলী, শিক্ষক আফজাল হোসেন, জলিলুর রহমান আকন্দ, অধ্যক্ষ আবদুল মাবুদ, অভিভাবক শামসুল হক, শিক্ষার্থী সাবিহা সুলতানা, রবির আঞ্চলিক ব্যবস্থাপক জুনায়ের আল সাদী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ঝালকাঠির সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মো. লাল মিয়া। ভালো ফলের স্বীকৃতিস্বরূপ ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়, হরচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও এনএস কামিল মাদ্রাসাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।