প্রবাসী বাংলাদেশিদের দেশে আরও বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশি নাগরিকদের সম্পর্ক: বাংলাদেশি আমেরিকানদের ভূমিকা’ শীর্ষক এক সভায় গওহর রিজভী এ কথা বলেন। অভিবাসী বাংলাদেশিদের সংগঠন সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি গওহর রিজভী বলেন, ‘দেশের কাছ থেকে আপনারা অনেক কিছু চান। সেই হিসাবের পাশাপাশি দেশকে আপনারা কী দিতে পারেন সেটিও মাথায় রাখুন।’প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সরকারও প্রবাসীদের বিষয়ে অনেক আন্তরিক। উপদেষ্টা প্রবাসীদের দেশে এসে বিদ্যুৎসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করা সম্ভব। তবে এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে, যাতে মার্কিন প্রবাসী বাংলাদেশিরাও এখানে এসে বিনিয়োগ করতে পারে।’ বিপুল জনসংখ্যা সত্ত্বেও বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমা এবং সহস্রাব্দ লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন মজীনা। মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি বাংলাদেশে কোনো গোপন উদ্দেশ্য নিয়ে আসিনি। আমার উদ্দেশ্য একটিই, আর সেটি হলো দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এ সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশে এসেছিলেন।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। অনুষ্ঠানে রাষ্ট্রদূত হুমায়ুন কবির, অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মার্কিন প্রবাসী মনোরঞ্জন ঘোষাল, ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, প্রবাসী ব্যবসায়ী হাসিনা নেওয়াজ, ফেরদৌসী বেগম, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ-ই সারোয়ার, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল হান্নান চৌধুরীসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষক, প্রকৌশলী, শিল্পীসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা বক্তব্য দেন। তাঁরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানান।