দেশকে ক্ষুধামুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশকে ক্ষুধামুক্ত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের একজন মানুষও যেন ক্ষুধায় মারা না যায়। খবর বাসসের।
গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে গতকাল ওই মন্ত্রণালয়ে গিয়ে তিনি বিভিন্ন প্রকল্প এবং তা বাস্তবায়নের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতিশীলতায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাজারজাত এবং দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করতে খাদ্য উৎপাদন অবশ্যই বাড়াতে হবে।
শেখ হাসিনা বলেন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মাঝে সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সত্যিই এক দুরূহ কাজ।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের একটি লক্ষ্য আছে। আমাদের লক্ষ্য হচ্ছে সর্বক্ষেত্রে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা। আমরা অন্যের কাছে হাত পাততে চাই না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা খাদ্য উৎপাদন বাড়াতে, কৃষকদের কাছে কৃষি উপকরণ সহজলভ্য করতে, কৃষির আধুনিকায়নে এবং গবেষণার ওপর যথাযথ গুরুত্ব দিতে পদক্ষেপ নিয়েছি।’
১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ বন্যার পর নীতিনির্ধারণী পর্যায়ে কিছু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে সেটা সম্ভব হয়েছিল।
শেখ হাসিনা বলেন, ‘দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বাংলাদেশকে সব সময় সংকট মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত নিয়ে প্রস্তুত থাকতে হবে। যেকোনো জরুরি মুহূর্তে খাদ্য আমদানি এড়াতে পর্যাপ্ত খাদ্য মজুতের জন্য আমাদের আধুনিক মজুত সুযোগ-সুবিধা থাকা দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে তাঁর সরকার কৃষি উৎপাদনে বৈচিত্র্য এনেছে। লবণাক্ততা, পানি ও খরাসহিষ্ণু বিভিন্ন জাতের ধান উৎপাদনে সাফল্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলকে ধান উৎপাদন এবং উত্তরাঞ্চলের স্বল্প পানি এলাকাকে গম, ভুট্টা ও অন্যান্য সবজি উৎপাদনে ব্যবহারের পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প স্থাপনেরও একটি পরিকল্পনা নিয়েছে তাঁর সরকার। এ লক্ষ্যে সাতটি বিভাগে সাতটি এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে, যাতে খুব অল্প খরচে এসব এলাকায় পণ্য পরিবহন করা যায়।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তৃতা দেন। এ ছাড়া এ মন্ত্রণালয়ের সচিব মুশফিকা ইকফাত বক্তৃতা করেন।