দেশকে জঙ্গিবাদমুক্ত করতে বই সাহস জোগাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল বিকেলে স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রথম আলো
চট্টগ্রাম নগরের ডিসি হিলে গতকাল বিকেলে স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রথম আলো

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্রের ধারা রক্ষা হলেও অপশক্তিকে পরাজিত করা যায়নি। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবাদ দেশে ঘাপটি মেরে রয়েছে। শেষ ধাক্কা দিয়ে বাংলার রাজনীতি থেকে জঙ্গিবাদ ও তার দোসর খালেদাকে বিতাড়িত করতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে ডিসি হিল প্রাঙ্গণে ১০ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্রের উত্তরণপর্বে এই বইমেলার আয়োজন করা হয়েছে। দেশকে জঙ্গিবাদমুক্ত করতে বই সাহস জোগাবে। বই ইতিহাস জানতে, শত্রু-মিত্র চিনতে ও ভবিষ্যতের স্বপ্ন রচনা করতে সাহায্য করে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, উন্নয়নের প্রতিটি পদে বাধা দেওয়ার চেষ্টা করছে প্রতিক্রিয়াশীলরা। কিন্তু এতে ভীত হয়ে কোনোভাবেই পিছ-পা হওয়া যাবে না।

স্বাধীনতা উৎসব বইমেলা উদ্যাপন পরিষদের সভাপতি এ কে এম নাসিমুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, কাউন্সিলর রেহানা বেগম, আফরোজা কামাল, দীনবোধি ভিক্ষু প্রমুখ।

বইমেলায় প্রথমা প্রকাশন, শিশু একাডেমী, সাহিত্য বিচিত্রা, বইমহল, গ্রন্থনিলয়, মনীষা প্রকাশনীসহ স্বনামধন্য বিভিন্ন প্রকাশনী ও বই বিক্রেতারা অংশ নিয়েছেন। ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা উন্মুক্ত থাকবে।