দেশকে জঙ্গিবাদমুক্ত করতে শিক্ষকদের ভূমিকা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রধান দায়িত্ব পালন করছেন শিক্ষকেরা। একজন শিক্ষক স্নেহ-মমতা ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলেন। নৈতিক শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও নাশকতা থেকে দূরে রাখছেন শিক্ষকেরাই। দেশকে পুরোপুরি জঙ্গিবাদমুক্ত করতে শিক্ষকদের বড় ভূমিকা পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে তিন দিনব্যাপী শিক্ষক সম্মেলনের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সারা দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৩৫০ জন শিক্ষক এতে অংশ নিয়েছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, স্বাধীনতাবিরোধীরা ডিজিটাল বাংলাদেশের অপব্যাখ্যা করছে। এ বিষয়ে শিক্ষকদের সোচ্চার হতে হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর, চট্টগ্রামের উপপরিচালক মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের ই-লার্নিং বিশেষজ্ঞ ফারুক আহমদ, কক্সবাজার পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট বেগম কামরুন নাহার।

অনুষ্ঠানে ‘শিক্ষার আধুনিকায়নে আইসিটি (তথ্যপ্রযুক্তি) ও কার্যকর নেতৃত্ব’ বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাকিবুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রামমোহন সেন, গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম সাহেনা বানু, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার প্রমুখ। তাঁরা গুণগত শিক্ষার মান উন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শ্রেণিকক্ষে ডিজিটাল ল্যাব স্থাপনের দাবি জানান।