দেশকে ডিজিটাল করতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে অন্য যেকোনো প্রযুক্তির চেয়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো তথ্যপ্রযুক্তি। দেশকে ডিজিটাল এবং আত্মনির্ভরশীল করতে এর বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি গবেষণায় মনোযোগী হতে হবে।রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদপত্র পাঠক ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত ‘প্রযুক্তিমুখী উচ্চশিক্ষা: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ফোরামের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নুরুল্লাহ, সংবাদপত্র পাঠক ফোরামের উপদেষ্টা ছাদেকুল আরেফিন প্রমুখ। মুখ্য আলোচকের বক্তৃতায় মুহম্মদ জাফর ইকবাল বলেন, দেশকে ডিজিটাল করতে হলে সবার আগে বিদ্যুতের চাহিদা পূরণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে প্রথমে দেশকে ভালোবাসতে হবে। আর দেশকে ভালোবাসার সবচেয়ে সহজ উপায় হলো দেশের সঠিক ইতিহাস জানা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা। এর পর দেশের জন্য, দশের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ শুরু করা। আলোচনা শেষে জাফর ইকবাল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আলোচনা সভা শেষে সেখানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।