রফিকুল ইসলাম যুবক বয়সে দেশের জন্য যুদ্ধ করেছেন। প্রবাসী হয়ে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পাইয়ে দিয়ে দেশকে আবারও নতুন উচ্চতায় তোলেন। ক্যানসারের সঙ্গেলড়াইয়ে হেরে গেলেও জীবদ্দশায় দেশের জন্য যা করে গেছেন, তা অনেকেই একজীবনে করতে পারে না।
গতকাল বুধবার জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম স্মরণে আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। দ্য মাদার ল্যাংগুয়েজ লাভারস অব দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ চ্যাপটার, মুক্তিযুদ্ধ স্মৃতিরক্ষা পরিষদ ও বেসরকারি সংস্থা প্রশিকা যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করে।
সভাপতির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রফিকুল ইসলাম তাঁর কর্ম ও উদ্যোগ দিয়ে এ দেশের মানুষকে ঋণী করে রেখেছেন। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের মধ্য দিয়ে এই ঋণ কিছুটা হলেও শোধ হবে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, রফিকুল ইসলামের মাধ্যমে যে অর্জন ও স্বীকৃতি এসেছে, তা এগিয়ে নেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন রেলমন্ত্রী মুজিবুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং , মুক্তিযোদ্ধা নাজমুল হাসান, কবি কাজী রোজী প্রমুখ।