দেশকে দুর্নীতিমুক্ত করতে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশিক্ষায় শিক্ষিত ও নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে দেশকে সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য তরুণসমাজের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টের (ইয়েস) দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনে এই আহ্বান জানানো হয়। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনের এ সম্মেলন শেষ হয়েছে।সম্মেলনে ‘দুর্নীতিবিরোধী আন্দোলনে আমরা তরুণ: অর্জন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে দেশের পুলিশ বাহিনীর সাম্প্রতিক কাজের সমালোচনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, পুলিশ বাহিনীর কাজ আইন রক্ষা করা। কিন্তু তারা যখন আইন ভাঙে, সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সাধারণ কেউ আইন ভাঙলে যে শাস্তি হওয়া উচিত, পুলিশের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত। এ ছাড়া দুর্নীতি বন্ধে তরুণসমাজকেই নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল নিজ নিজ অবস্থান থেকে সাহসের সঙ্গে দুর্নীতি মোকাবিলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।টিআইবির ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম দুর্নীতিকে ক্যানসারের সঙ্গে তুলনা করে দেশকে সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে রক্ষার জন্য তরুণদের আরও সংগঠিত হওয়ার পরামর্শ দেন।সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, তরুণদের সুশিক্ষায় শিক্ষিত ও নৈতিক শক্তিতে বলীয়ান হয়ে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সভা সঞ্চালন করেন।দুই দিনব্যাপী এ সম্মেলন শেষে একটি ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, রাজনৈতিক সদিচ্ছার অভাবে দেশে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে স্বতন্ত্র বিচার বেঞ্চ গঠন করতে হবে।এ ছাড়া রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে সব সমস্যা সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে ওই ঘোষণাপত্রে। সব আদিবাসী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতিরও দাবি জানানো হয়েছে।পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের উত্থাপিত দুর্নীতির অভিযোগ, রেলওয়েতে নিয়োগসংক্রান্ত সাম্প্রতিক দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন সরকারি নিয়োগ-প্রক্রিয়ায় অর্থ লেনদেনের অভিযোগের স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয়েছে সম্মেলনে। সুন্দরবনসহ দেশের সব সংরক্ষিত বনাঞ্চল, ভূমিসম্পদ এবং তেল-গ্যাসসহ সব ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার ও ক্রয়-প্রক্রিয়ায় সব ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানানো হয়।দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, সিভিল সার্ভিস আইন প্রণয়ন, জবাব-দিহিমূলক স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠা এবং দলীয় প্রভাবের ঊর্ধ্বে উঠে বিদ্যমান সব আইনের কঠোর প্রয়োগের দাবি জানানো হয়।সম্মেলনে দ্বান্দ্বিক রাজনীতির ঊর্ধ্বে উঠে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। মানবাধিকার লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচার বিভাগের স্বাধীনতার পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। বিশেষত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাব কমিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষা, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ এবং দেশের যোগাযোগ খাতের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানানো হয় এ সম্মেলনে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ সম্মেলনে ঢাকা ও দেশের ৪৫টি অঞ্চল থেকে দুই হাজারের বেশি তরুণ প্রতিনিধি অংশ নেন।