দেশকে নিয়ে সরকার রসিকতা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণঐক্যের আহ্বায়ক পংকজ ভট্টাচার্য বলেছেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, লুটপাটের মধ্যেও একটা আলো ছিল, স্বপ্ন ছিল। মানুষের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। গরিব, মেহনতি মানুষ, আদিবাসী, সংখ্যালঘু ক্ষুদ্র জনগোষ্ঠীর এই দেশ আজ ২৫ মার্চের চেয়েও ভয়াবহ সংকটের মধ্যে চলছে। দেশকে নিয়ে সরকার রসিকতা করছে। এভাবে দেশ চলতে পারে না, চলতে দেওয়া হবে না।’বরিশাল শহরের অশ্বিনীকুমার হলে গতকাল শনিবার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে গণঐক্যের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পংকজ ভট্টাচার্য এসব কথা বলেন।পংকজ ভট্টাচার্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে একই সঙ্গে দাবি তুলতে হবে। রাজনীতিতে অস্থিরতা শুরু হয়েছে। জামায়াত সেটা বুঝে বিএনপির ঘাড়ে ভর করে ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে। মুক্তিযুদ্ধের দেশে মুক্তিযোদ্ধা ও রাজাকার জামায়াত-শিবির একসঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, এটা মেনে নেওয়া যায় না। গোপনে গোপনে জামায়াতের সঙ্গে আঁতাত করছে সরকার, এটার কারণ কী? সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঐক্যের আহ্বায়ক হাবিবুর রহমান মজুমদার। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সংবিধানের মূল চার মূলনীতি কাটাছেঁড়া করে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর কাজ শুরু করেছিল বিএনপি ও এরশাদ সরকার। আর সেই ধারা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। পার্বত্য জনসংহতি সমিতির প্রতিনিধি দীপায়ন খীশা বলেন, বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে আদিবাসীসহ শ্রমজীবী মেহনতি মানুষ ভালো নেই। আদিবাসী জনগণের ঐতিহ্যগত সংস্কৃতি ধ্বংস করে বাঙালি বানানোর চেষ্টা অব্যাহত রেখেছে এ সরকার। সংবিধান সংশোধনের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীকে বিকৃত আকারে উপস্থাপন করা হয়েছে। গত তিন বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে উদ্যোগ নেয়নি সরকার।অন্যদের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, গণঐক্যের সদস্যসচিব এস এম এ সবুর প্রমুখ।