দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি শপথ করছি যে, জীবনে কখনো ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ময়লা ফেলব না। বিশেষ করে রাস্তা এবং খোলা জায়গায়। অন্যদেরকেও ময়লা না ফেলতে উৎসাহিত করব। আমি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি’—এভাবেই বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে দেশকে পরিষ্কার করার শপথ নিলেন কয়েক শ তরুণ।
রাজধানীর ওসমানী উদ্যানে গতকাল শনিবার ‘দেশটাকে পরিষ্কার করি দিবস’ উপলক্ষে আয়োজিত ঢাকা অঞ্চলের মূল জমায়েতে স্বেচ্ছাসেবকেরা এ শপথ নেন। সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’ প্রতিবছরের ৩১ ডিসেম্বর এ দিবসটি পালন করার ঘোষণা দিয়েছে। তবে এ বছর হরতালের কারণে আজ দেশব্যাপী দিনটি পালন করছে ‘পরিবর্তন চাই’।
দেশের ৪০টি জেলা শহর এবং ঢাকা শহরকে ছয়টি এলাকায় ভাগ করে গতকাল স্বেচ্ছাসেবকেরা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত রাস্তা, পার্ক ও উন্মুক্ত জায়গার আবর্জনা সংগ্রহ করে নগর কর্তৃপক্ষের হাতে তুলে দেয় স্বেচ্ছাসেবকেরা।
অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘দেশটাকে পরিষ্কার করব—এ জন্য আজ সবাই এক হয়েছি। কিন্তু কাল কী হবে। এটি এক দিনের কাজ নয়। ধারাবাহিকভাবে না চললে সফলতা পাওয়া যাবে না। প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আন্দোলন করতে হবে।
অধ্যাপক সায়ীদ বলেন, ঢাকার ফুটপাতগুলো দখল হয়ে নোংরা, অপরিষ্কার হয়ে আছে। সরকার, পুলিশ, নগর ভবন অবৈধ দখলদারদের উৎসাহ দিচ্ছে। সবার কানে আওয়াজ পৌঁছে দিতে হবে, শুরু হয়ে গেছে পরিচ্ছন্নতার আন্দোলন।
অনুষ্ঠান মঞ্চের সামনে দড়ি দিয়ে ঘেরা জায়গায় বস্তায় ভরে রাখা হয়েছিল পরিষ্কার করে আনা আবর্জনা। পাশেই রাখা ছিল বেলচা, ঝাড়ু, অব্যবহৃত বস্তা। স্বেচ্ছাসেবকেরা নানা জায়গা থেকে পরিষ্কার করে এনেছেন আবর্জনা। যাত্রাবাড়ী থেকে ১০ বন্ধু মিলে দুই বস্তা আবর্জনা কুড়িয়ে অনুষ্ঠানে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ শিহাব রহমান। বললেন, ‘মতিঝিল এলাকা থেকে পলিথিন, কাগজজাতীয় যা পেয়েছি নিয়ে এসেছি। দেশটাকে পরিবর্তন করার যে চেষ্টা, তাতে শামিল হতেই এখানে আসা।’
ওসমানী উদ্যানে ঢাকার মূল জমায়েতে উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ফারাহ কবির, ব্রতীর চেয়ারম্যান শারমিন মুরশিদ, অবসকিউর ব্যান্ডের গায়ক টিপু, শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শওকত মোস্তফা বরাবর একটি স্মারকলিপি দেন ‘পরিবর্তন চাই’-এর চেয়ারম্যান ফিদা হক।