সাত বছর বাংলাদেশ পোলিওমুক্ত অবস্থায় আছে। দুই মাস পর আগামী মার্চে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পোলিওমুক্ত ঘোষণা করার সম্ভাবনা আছে।
গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন’ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ২০০৬ সালের ২২ নভেম্বর এ দেশে সর্বশেষ পোলিও রোগী শনাক্ত হয়েছিল। তার পর থেকে সাত বছর বাংলাদেশ পোলিওমুক্ত আছে।
ব্রিফিংয়ে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি দেশকে নয়, একটি অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করে। একটি দেশ পরপর তিন বছর পোলিওমুক্ত থাকার প্রয়োজন পড়ে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে (সিয়ারো) দেশ ১১টি। ভারতে পোলিও থাকায় এই অঞ্চল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিওমুক্ত থাকার সনদ পাওয়া থেকে বঞ্চিত ছিল। কিন্তু প্রতিবেশী এই দেশে গত তিন বছর কোনো পোলিও রোগী পাওয়া যায়নি। তাই আগামী মার্চে দিল্লিতে অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সভায় অঞ্চলটিকে পোলিওমুক্ত ঘোষণা করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী পাঁচ কোটি ২০ লাখ শিশুকে হাম ও রুবেলার টিকা খাওয়ানো হবে। পাঁচ বছরের নিচে দুই কোটি ২০ লাখ শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী স্বাস্থ্যকর্মীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশুদের টিকা খাওয়াবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এই কর্মসূচিতে সহায়তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, জাপান সরকার, রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন এনজিও।
হাম ও রুবেলা ভাইরাসজনিত সংক্রামক রোগ। হাম শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হতে পারে। তবে শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি।