দেশকে বিশ্বের প্রথম ‘সোলার নেশন’ করতে চায় বিএসআরইএ
দেশকে পৃথিবীর সর্বপ্রথম সৌরবিদ্যুৎ ব্যবহারে সমৃদ্ধ (সোলার নেশন) দেশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নির্ধারণ করেছে নবগঠিত সংগঠন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। দেশে অনেক বছর ধরে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম পরিচালনাকারী ৫০টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে সংগঠনটি করা হয়েছে।সংগঠনের নেতাদের হিসাব অনুযায়ী, শুধু ঢাকা মহানগরের ভবনগুলোতে সৌর প্যানেল বসিয়ে এক হাজার ৪৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ ছাড়া গ্রামাঞ্চলে সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে অফুরন্ত বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের সুযোগ রয়েছে।সংগঠনের ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দুবাইভিত্তিক ‘জায়েদ ফিউচার এনার্জি পুরস্কার ২০০৯’ বিজয়ী দীপাল চন্দ্র বড়ুয়া। সাধারণ সম্পাদক হয়েছেন এলাইড সোলার এনার্জি লিমিটেডের পরিচালক মোস্তফা আল মাহমুদ।সংগঠনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন রহিমআফরোজ গ্রুপের পরিচালক মনওয়ার এফ মঈন। সহসভাপতি হয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের পরিচালক প্রকৌশলী নুরুল আক্তার।১১ নভেম্বর ঢাকার একটি হোটেলে সংগঠনটির যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি।