দেশকে ভালোবাসলে নষ্ট রাজনীতি থেকে ফিরে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ার-ম্যান মিজানুর রহমান দেশের রাজনীতিবিদদের নষ্ট রাজনীতি থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি দেশকে বিন্দুমাত্র ভালোবাসেন, তাহলে মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেবেন না। এভাবে উসকানি দেবেন না। নষ্ট রাজনীতি থেকে আপনারা ফিরে আসুন।’ সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর আদালত, উপজেলা ভবন এবং পুড়ে যাওয়া মঠমন্দির, সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাট পরিদর্শন শেষে তিনি এ অভিমত ব্যক্ত করেছেন।গতকাল শনিবার সকালে বাঁশখালীর বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সেখানে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিজানুর রহমান। পরে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বাঁশখালীতে এখন পর্যন্ত সেখানকার সাংসদ বিএনপির নেতা জাফরুল ইসলাম চৌধুরী না যাওয়ার সমালোচনা করেছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর জামায়াত ও যুদ্ধাপরাধের বিচারের বিরোধী শক্তি দেশব্যাপী সহিংসতা, হত্যা, ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। সংখ্যালঘুদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের মাটি আপনাদের হাজার হাজার বছর ধরে ধারণ করছে এবং ধারণ করে যাবে। সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান একদিকে যেমন ধর্মপ্রাণ, অন্যদিকে তেমনি ধর্মনিরপেক্ষ।’ পরিদর্শনকালে মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, পরিচালক শামীম আহমেদ, ইমাম উদ্দিন, মো. রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।