দেশকে ভালোবাসলে নষ্ট রাজনীতি পরিহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিবিদদের প্রতি দেশপ্রেম প্রদর্শনের আহ্বান জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, ‘যদি আপনারা দেশকে ভালোবাসেন, তাহলে দয়া করে নষ্ট রাজনীতি পরিহার করুন। যে রাজনীতি আইনের শাসন নষ্ট করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়, ধর্মের নামে মানুষকে হত্যা করতে উসকানি দেয়, সেই রাজনীতি পরিহার করুন।’

গতকাল বৃহস্পতিবার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, কোনো কোনো রাজনৈতিক মহল থেকে আতঙ্ক সৃষ্টির জন্য দলীয় কর্মীদের সরাসরি প্ররোচিত করা হচ্ছে। কমিশন বলছে, এই ধরনের প্ররোচনা জনজীবনে তৈরি করছে ভীতিকর অবস্থা। তরুণ সমাজকে উদ্দেশ করে যখন এ ধরনের বক্তব্য দেওয়া হয়, তখন তা আরও বিচলিত করে।

হরতালের নামে দেশব্যাপী যে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করা হচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কমিশন। বিবৃতিতে বলা হয়, এই হরতালে জনগণকে যেভাবে পথে-পরিবহনে আগুন দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, তা মানবসভ্যতার ইতিহাসে ন্যক্কারজনক অধ্যায়ের সূচনা করেছে। চলমান রাজনৈতিক সহিংসতার কারণে দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে।

ঘন ঘন হরতালের কারণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম হুমকির মুখে—এ কথা উল্লেখ করে কমিশনের বিবৃতিতে বলা হয়, হরতালে শিক্ষার্থীদের অপরিমেয় ক্ষতি হচ্ছে। শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে রাজনৈতিক দলের কাছে আরও দায়িত্বশীল ভূমিকা আশা করা হয় ওই বিবৃতিতে।

হরতালের কারণে মূলত দেশের দরিদ্র, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কমিশনের বিবৃতিতে বলা হয়। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে বলে উদ্বেগ জানিয়ে কমিশনের বিবৃতিতে সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ বিকল্প রাজনৈতিক কর্মসূচি অন্বেষণের জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়। হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের মধ্যে নেতিবাচক ধারণার তৈরি হচ্ছে। কমিশন মনে করে, দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী সম্ভাবনাময় এক বাংলাদেশের নতুন ব্র্যান্ডিং সম্ভব। বিজ্ঞপ্তি।