দেশকে ভালোবাসার শপথ নিল বন্ধুসভা
দেশকে ভালোবাসার শপথ নেওয়ার মধ্য দিয়ে গতকাল শুক্রবার রাজশাহীতে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যদের ‘বন্ধু উৎসব-২০১৩’ হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ উৎসবে রাজশাহী বিভাগের ১৯টি বন্ধুসভার ৪৫০ জন বন্ধু অংশ নেন।
উৎসবের স্লোগান ছিল ‘এই মাটি, এই দেশ’। সকাল আটটায় শুরু হয়ে উৎসব চলে বিকেল পাঁচটা পর্যন্ত। সকাল সাড়ে আটটার দিকে আয়োজক রাজশাহী বন্ধুসভার সদস্যরা অতিথি বন্ধুদের হাতে লাল গোলাপ ও ছোট আকারের জাতীয় পতাকা তুলে দেন এবং মিষ্টিমুখ করিয়ে তাঁদের অনুষ্ঠানস্থলে স্বাগত জানান।
এরপর জাতীয় ও বন্ধুসভার পতাকা তোলার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভী বীর প্রতীক। বন্ধুসভার পতাকা তোলেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন।
এ সময় বন্ধুরা ‘আমরা আজীবন এই মাটি, এই দেশকে ভালোবাসব। আমরা আজীবন এই দেশকে গড়ে তোলার চেষ্টা করব। আমাদের বাংলাদেশ আমরাই সুন্দর করে তুলব।’—এই শপথবাক্য পাঠ করেন।
রবীন্দ্রসংগীতের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে উৎসবের শুরু হয়। শুরুতে শিশু ঔড়ব সাইদুজ্জামান রওশনের হাতে পতাকা তুলে দেয়। এর পর থেকে তিনি এবং রাজশাহী বন্ধুসভার বন্ধু মনিরা রহমান যৌথভাবে উৎসব পরিচালনা শুরু করেন। এতে বক্তব্য দেন বৃক্ষপ্রেমিক চাঁপাইনবাবগঞ্জের কার্তিক পরামানিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব প্রমুখ।
উৎসবে প্রতিটি বন্ধুসভার পক্ষ থেকে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। মাঝখানে ফান শোর মাধ্যমে বন্ধুদের বই পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সব বন্ধুসভার পক্ষ থেকে একাধিক গান, নাচ ও আবৃত্তির আয়োজন ছিল। উৎসবে পাবনা বন্ধুসভার ত্রৈমাসিক পত্রিকা উত্তরায়ণ-এর মোড়ক উন্মোচন করা হয়।
রাজশাহী বন্ধুসভার পক্ষ থেকে একটি স্যুভেনির প্রকাশ করা হয়। উৎসবে অংশগ্রহণ করে রাজশাহী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, গোদাগাড়ী বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল, বাগমারা, বাঘা, লালপুর, গুরুদাসপুর, নাটোর, পাবনা, পাবনা মেডিকেল কলেজ, ঈশ্বরদী ও সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। উৎসবে সহযোগিতা করেছে ওয়ালটন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও এনাম মেডিকেল কলেজ।