দেশকে ভালোবেসে স্বপ্নের স্মারক নিলাম মুশফিক-মাশরাফীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির ব্রেসলেট। নিলামে বিক্রি হলো করোনাদুর্গতদের জন্য। ছবি: ফেসবুক
মাশরাফির ব্রেসলেট। নিলামে বিক্রি হলো করোনাদুর্গতদের জন্য। ছবি: ফেসবুক

লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ আমার। যে দেশকে ভালোবেসে নিজের জীবনকেই তাঁরা আত্মত্যাগের নিলামে তুলেছিলেন, সেই দেশের বিপদে নিজের যেকোনো স্বপ্নকে আমরা নিলামে তুলতে পারি। সেই মাহাত্ম্যকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছেন আমাদের ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা খেলোয়াড়, যাঁরা আমার জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের উত্তরাধিকারী।

আমাদের এই দামাল সন্তানেরা স্বাধীনতা–উত্তর বাংলাদেশকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক পর্যায়ে গৌরবের মুকুট পরিয়েছে। বিশ্বদরবারে আমরা এক নতুন রূপে আবির্ভূত হতে পেরেছি তাদেরই হাত ধরে, যা কিনা অনেক সম্মানের, অনেক অহংকারের এবং অনেক অর্জনের।
প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে হাজারো স্বপ্নের পরশ, হাজারো ব্যর্থতা আর সফলতার গল্প, নিরলস প্রচেষ্টা, কোটি কোটি বাঙালির রুদ্ধশ্বাস অপেক্ষা, আর আবেগি বিশ্বাস এবং ভালোবাসা। তাঁদের এই স্বপ্ন পূরণের বিভিন্ন মুহূর্তগুলোকে ইতিহাস করে সাক্ষ্য দিচ্ছে তাঁদেরই বিবিধ খেলার সামগ্রী, যা তাঁদের স্মৃতিবিজড়িত স্বপ্নের স্মারক।
প্রত্যেক খেলোয়াড়ের কাছেই তাঁর কোনো বিশেষ অর্জনের স্মৃতি স্মারক একটি অমূল্য সম্পদ, কারণ পৃথিবীর কোনো অর্থের মূল্যে ওগুলোর বিনিময় সম্ভব নয়, কেবল কোন নিঃস্বার্থ ভালোবাসার সঙ্গেই তার বিনিময় সম্ভব, আর সেটাই করে চলছেন আমাদের সবার প্রিয় এবং দেশবরেণ্য বেশ কয়েকজন ক্রিকেট খেলোয়াড়। তাঁরা তাঁদের স্বপ্নের স্মারককে নিলামে তুলেছেন কোনো প্রকার দ্বিধাবোধ ছাড়াই, শুধু দেশকে ভালোবেসে। তাঁরা ভুলে যাননি সেই স্কুলজীবনের শপথ, তাঁরা ভুলে যাননি জাতীয় সংগীতের সুরে বুকে হাত দিয়ে বিনম্র শ্রদ্ধা আর দেশকে ভালোবেসে পাশে থাকার অঙ্গীকার।
মুশফিকুর রহিম ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল শতক হাঁকান। যাকে আমরা মিস্টার ডিপেন্ডেবল হিসেবেই বেশি জানি, বাংলাদেশ ক্রিকেটে ৫০টা ডাবল শতক থাকলেও ক্রিকেট ইতিহাসে মুশফিকের নাম থাকবে প্রথম। মিস্টার ডিপেন্ডেবল তাঁর সেই ঐতিহাসিক ও স্বপ্নের ক্রিকেট ব্যাট কে নিলামে উঠিয়েছেন, যা কিনা একসময় হয়তো তাঁর ঘরের সবচেয়ে নিরাপদ জায়গায় শোভা পেত। হয়তো জীবনে অনেক অনুপ্রেরণা আর উদ্যমের সহযোগী ছিল তাঁর স্বপ্নের ব্যাট। শুধু দেশের পাশে থাকতে এই বিসর্জন এক অনন্য মহানুভবতার উদাহরণ।
বাংলার আরেক দামাল সন্তান সাকিব আল হাসান যিনি বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম। ২০২০ ওয়ানডে বিশ্বকাপ টুর্নামেন্টে তার অনাবদ্ধ সফলতা দেশকে সেমিফাইনাল খেলানোর স্বপ্ন দেখিয়েছিল, যা কিনা ক্রিকেট বিশ্বে দেশকে দিয়েছে মর্যাদার আরও ওপরের এক আসন। আর এই সফলতার অন্যতম সাক্ষী সেই ব্যাটকেই নিলামে ওঠাতে কোনো দ্বিধাবোধ নেই তার, এ যেন দেশকে ভালোবেসে মানুষের পাশে থাকার বিনিময়ে নিতান্তই তুচ্ছ।

ব্রেসলেট পরা মাশরাফি। ছবি: আইসিসি
ব্রেসলেট পরা মাশরাফি। ছবি: আইসিসি

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক। তাঁর হাতের ব্রেসলেট নিলাম করেছেন, যা কিনা ১৯ বছর ধরে তাঁর সবচেয়ে প্রিয় ব্যবহার্য সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য। তাঁর হাতে যার পরশ ছিল হার না মানা পরিশ্রমের ঘামে, জয় কিংবা পরাজয়ের অশ্রুতে, কিংবা বিপক্ষ দলকে ঘায়েল করা হিংস্র বাঘের মতো ভয়াল থাবায়।
সৌম্য সরকার আরেক দুরন্ত ক্রিকেটার, দেশের মানুষের পাশে থাকতে তিনিও নিলামে তুলছেন তাঁর সেই ব্যাট, যাকে সঙ্গী করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ রানের ১ অনবদ্য ইনিংস খেলেছিলেন। এ রকম অনেকে আছেন যেমন মোসাদ্দেক হোসেন সৈকত-২০১৯ সালের মে মাসে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রথমবারের মতো কোনো সিরিজের চ্যাম্পিয়ন হয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে সেদিন ফাইনালে অতিমানবীয় ইনিংস খেলে বাংলাদেশের জয়টাকে সহজ করে দিয়েছিলেন মোসাদ্দেক। ২৩ বলে অর্ধশতক হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। সেই ঐতিহাসিক ইনিংস খেলা ব্যাটটি এবার নিলামে তুলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
আমাদের ক্রিকেটের ভবিষ্যতের কর্ণধার আকবর আলী, গত ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা যেতে আকবরের দল। বাংলাদেশের এই প্রথম বৈশ্বিক শিরোপা, যে শিরোপার নায়ক আকবর আলী, তিনি তাঁর জার্সি এবং ব্যাটিং গ্লাভস নিলামে তুলেছেন। নাঈম শেখ-২০১৯ সালে নভেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে যাঁর অভিষেক হয়। এরপর ওই সিরিজে নাগপুরে ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি, সেই দুরন্ত ইনিংস খেলা ব্যাটটি নিলামে তুলছেন নাঈম।

মুশফিকের এই ব্যাটটি নিলামে উঠেছে। ফাইল ছবি
মুশফিকের এই ব্যাটটি নিলামে উঠেছে। ফাইল ছবি

বাংলাদেশ ক্রীড়াঙ্গনের এ রকম অনেক উজ্জ্বল নক্ষত্র আছেন, যাঁরা ঠিক একইভাবে এগিয়ে এসেছেন দেশের এই দুঃসময়ে, তাঁদের স্বপ্নের স্মারককে নিলামে তুলে‌। এ যেন ভালোবাসার এক প্রতিযোগিতা, অসহায় মানুষের প্রয়োজনগুলোকে খুব কাছের থেকে অনুভব করা, অনেক দায়িত্ববান এবং সামর্থ্যবান ব্যক্তিদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে দেশের কাছে আমরা অনেক ঋণী আর তা পরিশোধ করার এই তো সময়, হোক না সেটা অতি ক্ষুদ্র প্রয়াস, শুধু ভালোবাসার পরশ থাকলেই সেটা বিজয়কে অনেক সহজ করে দেবে।

*লেখক: এজিএম ওপেক্স গ্রুপ। [email protected]