দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গুম-খুন ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। বাংলাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে সরকার। রাষ্ট্র যেখানে সন্ত্রাসকে মদদ দেয় সেখানে দেশের মানুষ ভীতসন্ত্রস্ত না হয়ে পারে না। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।
সারা দেশে খুন-গুম ও সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত অনশন কর্মসূচিতে গতকাল রোববার এ কথা বলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। নগরের দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলে।
কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমানসহ আরও অনেক নেতা-কর্মী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবৈধ সরকার অবৈধ কাজ করবে এটা দেশবাসীকে ধরে নিতেই হবে। কারণ এই অবৈধ সরকার রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতায় বসেছে। এখন খুন-গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের সরকারের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। খসরু আরও বলেন, সরকার ক্ষমতায় থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের অবৈধ কাজের পরিধি ও পরিসংখ্যান বাড়তে থাকবে।
গতকাল বিকেল পাঁচটায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে শরবত পান করিয়ে অনশন কর্মসূচি ভাঙান বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক নেতা ও কড়লডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের মা। নজরুলও ঢাকায় একটি মামলায় হাজিরা দিতে গিয়ে বছর তিনেক আগে গুম হন। তাঁর হদিস নেই। পরিবারের দাবি, র্যাব গুম করেছে। এদিকে গতকালের কর্মসূচিতে বিএনপির একাংশ অংশ নেয়নি। ওই পক্ষের অভিযোগ, তাঁদের কর্মসূচি সম্পর্কে কিছুই জানানো হয়নি। এ কারণে নগর বিএনপির একটি অংশ কর্মসূচিতে অংশ নেয়নি।
নগরের খুলশী থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘আমরা নোমান ভাইয়ের সঙ্গে থেকে রাজনীতি করি। কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা সর্বশক্তি দিয়ে পালন করা উচিত ছিল। কিন্তু আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে আমাদের অনেকে কর্মসূচিতে অংশ নেয়নি।’