দেশকে যক্ষ্মামুক্ত করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ স্লোগান সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস। গতকাল শুক্রবার বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার উদ্যোগে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা, শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালন করে।
নীলফামারীতে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায়, জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ইপিআই মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন আবদুর রশীদ। এতে বক্তৃতা করেন বিএমএর সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আবদুল কাদের, ব্র্যাক প্রতিনিধি রইস উদ্দিন প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা ন্যাটাব ও দি ল্যাপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন আবু মো. খায়রুল কবির, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক শুভেন্দু দেবনাথ প্রমুখ।
লালমনিরহাট জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর লালমনিরহাট সিভিল সার্জনের সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন সিরাজুল ইসলাম। বক্তব্য দেন লালমনিরহাট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আজমল হক, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা তপন কুমার রায়, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক আবদুল মান্নান প্রমুখ।
কুড়িগ্রামে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন হলরুমে সিভিল সার্জন এস এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন শাহিন সাজ্জাদ, নাটাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রোগ্রাম অর্গানাইজার মো. হান্নান, মনিটরিং অফিসার শাহজালাল প্রমুখ।
[প্রতিবেদনটি তৈরিতে আমাদের নীলফামারী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের প্রতিনিধি এবং কুড়িগ্রাম অফিস সহায়তা করেছে।]