দেশকে লুটতরাজের রাষ্ট্রে পরিণত করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রকে উন্নয়নবিরোধী দেখিয়ে বর্তমান সরকার দেশকে লুটতরাজের রাষ্ট্রে পরিণত করছে। ফলে সরকারের মধ্যে কোনো জবাবদিহি নেই। পরিবর্তনের রাজনীতির সূচনা করতে হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে একাত্ম হতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে বরিশালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের নেতারা। সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে নগরের ফকির বাড়ি সড়কের শিক্ষক ভবনের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সার্বভৌম বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশীদ।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে উন্নয়নবিরোধী মনে করছে। গণতন্ত্রের কথা বলতে গেলেই মনে করে উন্নয়নে বাধা দেওয়া হচ্ছে। এর ফলে দেশ একটি জবাবদিহিহীন লুটতরাজের রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশন করা হয়েছে। সংবিধান থেকে ব্যক্তিকেন্দ্রিক আইন বদল করে এবং স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে সংকট নিরসন সম্ভব।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হারুনর রশীদ, রুবিনা ইয়াসমিন, শাজাহান হাওলাদার, আরিফুর রহমান, জেসমিন আক্তার উপস্থিত ছিলেন।