বিএনপি-জামায়াত জোট সরকার দেশকে লুটপাট, দুর্নীতি ও হত্যার রাজত্বে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।ঢাকার নবাবগঞ্জ উপজেলা ওয়াছেক মিলনায়তনে গতকাল শুক্রবার দুস্থ ভূমিহীনদের মাঝে খাসজমির দলিল হস্তান্তর এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণকালে গণপূর্ত প্রতিমন্ত্রী এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিরাজুল ইসলাম উকিল।প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান খান বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটিয়ে সহাবস্থান ও উন্নয়নমুখী রাজনীতির গতিধারা অব্যাহত রেখেছি।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করতে গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দেশের ভেতর একটি চক্র স্বাধীনতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টা চালাচ্ছে। তাদের প্রতিহত করতে সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।পরে আব্দুল মান্নান খান নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হাসিনা দৌলা, পাইলট উচ্চবিদ্যালয়ের সভাপতি হাসিনা মান্নান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া প্রমুখ।প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্তদের মধ্যে ৮০ বান্ডিল ঢেউটিন, ৮৩ হাজার টাকা ও ১৫৭ জন ভূমিহীনের মধ্যে খাসজমির দলিল হস্তান্তর করেন।